প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস দেশ ও জাতি পুনর্গঠনে প্রবাসী বাংলাদেশিদের আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, প্রবাসীরা বাংলাদেশের “অবিচ্ছেদ্য অংশ”, এবং জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর যে পরিবর্তনের স্বপ্ন জাতি দেখছে, তা বাস্তবায়নে প্রবাসীরা বড় ভূমিকা রাখতে পারেন।
নিউইয়র্কে স্থানীয় সময় শনিবার (২৭ সেপ্টেম্বর) ‘এনআরবি কানেক্ট ডে: এমপাওয়ারিং গ্লোবাল বাংলাদেশি’ শীর্ষক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে প্রধান উপদেষ্টা বলেন,
“দূরে গ্যালারিতে দাঁড়িয়ে খেলা দেখার দিন শেষ। এখন মাঠে নেমে খেলতে হবে।”
তিনি জানান, জাতিসংঘ সফরে তাঁর সঙ্গে বাংলাদেশি রাজনৈতিক নেতারা অংশগ্রহণ করায় আস্থা আরও দৃঢ় হয়েছে। এ জন্য তিনি নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন একটি প্রেজেন্টেশন উপস্থাপন করেন। এতে তিনি গণঅভ্যুত্থানের পর ১৫ মাসে দেশের অর্থনৈতিক অগ্রগতি তুলে ধরেন। প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সে ২১ শতাংশ প্রবৃদ্ধি অর্জনের জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। পাশাপাশি একটি বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তুলতে সরকারের নেওয়া উদ্যোগগুলো তুলে ধরেন।
তিনি জানান, আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় সাধারণ নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগের বিষয়ে একটি প্রক্রিয়া নির্ধারণ করা হয়েছে।
অনুষ্ঠানে ‘ব্রিজিং বর্ডারস: কারেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড ডায়াস্পোরা এনগেজমেন্ট’ শীর্ষক একটি ইন্টারেক্টিভ প্যানেল আলোচনায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী। আলোচনায় অংশ নেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ড. আসিফ নজরুলসহ আরও দুইজন বিশিষ্ট বক্তা।
এছাড়া বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতে ইসলামীর নায়েবে আমির ড. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য-সচিব আখতার হোসেন গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে তাদের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি তুলে ধরেন।
অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ‘শুভেচ্ছা’ নামের একটি মোবাইল অ্যাপ উদ্বোধন করেন। অ্যাপটি প্রবাসী বাংলাদেশিদের জন্য তথ্য, নির্দেশনা ও বিনিয়োগের সুযোগ সংক্রান্ত সেবা দিতে তৈরি করা হয়েছে।
জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান ‘শেপিং টুমোরো: দ্য ফিউচার অব বাংলাদেশ’ শীর্ষক আরেকটি প্যানেল আলোচনায় সভাপতিত্ব করেন। এতে অংশ নেন এনসিপি নেত্রী তাসনিম জারা, বিএনপি নেতা হুমায়ুন কবির ও জামায়াত নেতা নাকিবুর রহমান।





