রাজধানীর পুরান ঢাকার চকবাজারের ডালপট্টি এলাকায় একটি তিনতলা আবাসিক ভবনে লাগা ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

সোমবার (১ ডিসেম্বর) বিকেল ৬টা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এর আগে বিকেল ৪টা ৪২ মিনিটে ভবনটিতে আগুনের সূত্রপাত ঘটে। খবর পেয়ে লালবাগ ফায়ার স্টেশনের দুটি ইউনিট প্রথমে ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। পরে আরও পাঁচটি ইউনিট যোগ দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের মিডিয়াসেল জানায়, দুইটি ভবনে আগুন ছড়িয়ে পড়ে। একটি ভবনের নিচতলায় ডালের গোডাউন ও মিল, দ্বিতীয় তলায় কর্মচারীদের আবাসন এবং তৃতীয় তলায় লাগেজ ফিটিংস কারখানা ছিল। অন্য ভবনের নিচতলায় ছিল ওয়ার্কশপ এবং দ্বিতীয় তলায় অফিস।

আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি। তদন্ত চলছে।