চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াতের শাটল ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনায় এক ছাত্রী আহত হয়েছেন। পাথরের আঘাতে ওই ছাত্রীর নাক ও ঠোঁটে গুরুতর জখম হয়েছে।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম নগরের ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। আহত ছাত্রী ইমু মনি জ্যোতি নগরের পতেঙ্গা এলাকার বাসিন্দা এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, ষোলশহর রেলওয়ে স্টেশন থেকে ক্যাম্পাসমুখী শাটল ট্রেনে ওঠার পর ক্যান্টনমেন্ট এলাকায় পৌঁছালে হঠাৎ বাইরে থেকে ছোড়া একটি পাথর তাঁর মুখে আঘাত করে। এতে নাকের নিচ থেকে ঠোঁট পর্যন্ত কেটে যায়।
ঘটনার পর সহপাঠীরা দ্রুত তাঁকে প্রাথমিক সহায়তা দেন এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে নিয়ে যান। পরে চিকিৎসকেরা উন্নত চিকিৎসার জন্য তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে তাঁর ঠোঁটে চারটি সেলাই দেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তাঁকে বাসায় নেওয়া হয়েছে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রের ভারপ্রাপ্ত চিকিৎসা কর্মকর্তা মোহাম্মদ আবু তৈয়ব জানান, আঘাতের ক্ষত তুলনামূলকভাবে গভীর হওয়ায় শিক্ষার্থীকে মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক মো. বজলুর রহমান বলেন, ঘটনাটি অনাকাঙ্ক্ষিত। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।





