রাজনৈতিক বিশ্লেষক ও সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি বলেছেন, চট্টগ্রামে মার্কিন যুক্তরাষ্ট্রের জঙ্গি বিমান ও সশস্ত্র সৈন্যবাহিনী অবতরণের বিষয়কে কেন্দ্র করে নানা গুজব ছড়ানো হচ্ছে। তিনি জানান, এসব গুজব সামাজিক মাধ্যম ও কিছু গণমাধ্যমে ছড়ানো হলেও প্রকৃত বাস্তবতা ভিন্ন।

রনি বলেন, “বাংলাদেশ সেনাবাহিনী ও মার্কিন বিমান বাহিনীর মধ্যে নিয়মিত দ্বিপাক্ষিক সহযোগিতা চলে আসছে। সম্প্রতি মার্কিন বিমান বাহিনীর একটি বিশেষ দল বাংলাদেশে এসেছে, মূলত বাংলাদেশ সেনাবাহিনী ও বিমান বাহিনীর সঙ্গে যৌথ মহড়া করার জন্য। এই ধরনের মহড়া আমাদের জন্য গুরুত্বপূর্ণ, কারণ মার্কিন সেনাবাহিনী চৌকশ ও অত্যাধুনিক। তাদের অভিজ্ঞতা ও কৌশল আমাদের সেনাবাহিনীকে হাতে কলমে শেখানোর সুযোগ দেয়।”

তিনি আরও উল্লেখ করেন, “যদি এই প্রশিক্ষণ আমেরিকাতে নেওয়া হতো, তবে কোটি কোটি টাকা ব্যয় হতো। তাই আমাদের দেশের জন্য এটি একটি বিরাট সুযোগ।”

রনি সতর্ক করেছেন যে, এই যৌথ মহড়া এবং প্রশিক্ষণকে কেন্দ্র করে গুজব ছড়ানো হচ্ছে। তিনি বলেন, “গুজবের মধ্যে বলা হচ্ছে বর্তমান সরকার চট্টগ্রামে মার্কিন ঘাটি স্থাপন করছে বা বঙ্গোপসাগর ও নাফ নদীর মোহনায় মার্কিন ঘাটি তৈরি হবে। এছাড়া সেন্টমার্টিনে ঘাটি স্থাপনের গুজবও ছড়ানো হচ্ছে। এসব তথ্য সঠিক নয়।”

তিনি আরও বলেন, “দেশে মানুষ অনেক সময় গুজবকে সত্য ধরে নেন। সামাজিক মাধ্যমে গুজবের বিস্তার একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে, যা সমাজে অস্থিরতা সৃষ্টি করছে।”

রনি সরকারের পক্ষ থেকে এ ধরনের গুজবের বিরুদ্ধে সতর্কবার্তা জারি করা হয়েছে বলেও উল্লেখ করেন। তিনি জনগণকে সামাজিক মাধ্যমে ছড়ানো অননুমোদিত তথ্য যাচাই করার আহ্বান জানিয়েছেন।