মহাকাশে পরিত্যক্ত এক বিশাল ধাতব অংশ চাঁদের দিকে ধেয়ে যাচ্ছে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। এটি ইলন মাস্কের স্পেসএক্সের ফ্যালকন ৯ রকেটের দ্বিতীয় স্তরের অংশ বলে ধারণা করা হচ্ছে।

প্রায় চার টন ওজনের ওই রকেট অংশটি আগামী ৫ আগস্ট চাঁদের পৃষ্ঠে আছড়ে পড়তে পারে বলে অনুমান করা হচ্ছে। এর গতি থাকতে পারে ঘণ্টায় প্রায় ২.৪৩ কিলোমিটার। বিজ্ঞানীদের মতে, এটি চাঁদের আইনস্টাইন ক্রেটারের প্রান্তে আঘাত হানতে পারে।

বিজ্ঞানীরা জানিয়েছেন, এই অংশটি ২০২৪ সালের জানুয়ারিতে ব্লু ঘোস্ট মিশন–১ উৎক্ষেপণের সময় ব্যবহৃত ফ্যালকন ৯ রকেটের দ্বিতীয় স্তর। মিশন শেষে এটি পৃথিবী ও চাঁদের মধ্যবর্তী কক্ষপথে ঘুরতে থাকে এবং পরে মহাকর্ষীয় টানের কারণে ধীরে ধীরে চাঁদের দিকে সরে আসে।

চাঁদের আইনস্টাইন ক্রেটার অঞ্চলটি দৃশ্যমান ও অদৃশ্য অংশের সীমান্তে অবস্থিত হওয়ায় এটি নিয়ে বিজ্ঞানীদের আগ্রহ বেশি। সংঘর্ষের সময় ওই এলাকায় সূর্যালোক থাকবে, ফলে লুনার রিকনাসেন্স অরবিটার ব্যবহার করে উচ্চমানের ছবি সংগ্রহের পরিকল্পনাও রয়েছে গবেষকদের।

বিশেষজ্ঞরা মনে করছেন, এ ধরনের সংঘর্ষ চাঁদের মাটির গঠন ও ধূলিকণা ছড়িয়ে পড়ার প্রক্রিয়া বুঝতে গুরুত্বপূর্ণ তথ্য দিতে পারে।

তবে এই ঘটনা মহাকাশে বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে নতুন করে উদ্বেগও তৈরি করেছে। সাধারণত স্যাটেলাইটগুলোকে মেয়াদ শেষে পৃথিবীর বায়ুমণ্ডলে ঢুকিয়ে ধ্বংস করা হয়, কিন্তু চাঁদের কক্ষপথে থাকা যন্ত্রাংশগুলো অনেক সময় অনিয়ন্ত্রিতভাবে ঘুরে বেড়ায়।

সূত্র অনুযায়ী, এ ধরনের মহাকাশ বর্জ্য ভবিষ্যতে বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে বলে সতর্ক করছেন বিশেষজ্ঞরা।