চশমার বিকল্প হিসেবে কন্ট্যাক্ট লেন্স ব্যবহার অনেকেরই দৈনন্দিন অভ্যাস। তবে অল্প অসাবধানতাও চোখের সংক্রমণ, অস্বস্তি বা স্থায়ী ক্ষতির কারণ হতে পারে। তাই লেন্স ব্যবহারে সঠিক নিয়ম জানা যেমন জরুরি, তেমনি কয়েকটি সাধারণ ভুল এড়ানোও গুরুত্বপূর্ণ।

১. হাত ভালোভাবে ধুয়ে নিন :
লেন্স পরা বা খোলার আগে হাত পরিষ্কার করা অত্যন্ত জরুরি। অপরিষ্কার হাতের ব্যাকটেরিয়া চোখে সংক্রমণ ঘটাতে পারে। তাই সাবান ও পরিষ্কার পানি দিয়ে হাত ভালোভাবে ধুয়ে নিন।

২. লেন্স সবসময় জীবাণুমুক্ত রাখুন :
লেন্স পরিষ্কারের জন্য বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী কন্ট্যাক্ট লেন্স সলিউশন ব্যবহার করুন। কখনো ট্যাপের জল, লালা বা ঘরে তৈরি তরল ব্যবহার করবেন না। ‘রাব অ্যান্ড রিন্স’ পদ্ধতি অনুসরণ করুন, অর্থাৎ সলিউশন দিয়ে আলতো করে ঘষে ধুয়ে ফেলুন। লেন্স কেসের সলিউশন প্রতিদিন বদলাতে হবে এবং পুরোনো সলিউশনের সঙ্গে নতুন সলিউশন মিশাতে হবে না।


৩. অতিরিক্ত ব্যবহারে সতর্ক থাকুন :
চোখের বিশেষজ্ঞ যে সময়সীমা নির্ধারণ করেছেন, তা মেনে চলুন। দৈনিক, সাপ্তাহিক বা মাসিক লেন্সের ক্ষেত্রে নির্ধারিত সময়ের বেশি ব্যবহার করবেন না। রাতভর লেন্স পরে ঘুমানো ঠিক নয়, যদি না তা বিশেষভাবে তৈরি হয়।

৪. লেন্স কেস নিয়মিত পরিষ্কার করুন :
লেন্স কেসে ব্যাকটেরিয়া ও ছত্রাক জমতে পারে। প্রতিদিন নতুন সলিউশন দিয়ে কেস ধুয়ে পরিষ্কার করুন এবং খোলা অবস্থায় শুকতে দিন। তিন মাস অন্তর কেস পরিবর্তন করাই নিরাপদ।

৫. পানির সংস্পর্শ এড়িয়ে চলুন :
কন্ট্যাক্ট লেন্স যেন ট্যাপের জল, সুইমিংপুল, হট টাব বা ঝরনার পানির সংস্পর্শে না আসে। এই পানিতে থাকা ক্ষতিকর অণুজীব লেন্সে আটকে চোখে সংক্রমণ ঘটাতে পারে।

সঠিক যত্নের মাধ্যমে কন্ট্যাক্ট লেন্স ব্যবহার করলে চোখের স্বাস্থ্য রক্ষা সম্ভব। তাই ব্যবহারকারীদের সচেতন থাকা অত্যন্ত জরুরি।