পুরান ঢাকার আরমানিটোলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রদল নেতা জুবায়েদ হোসাইনের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৯ অক্টোবর) সন্ধ্যার দিকে পানির পাম্প গলির একটি বাসার সিঁড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

জুবায়েদ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি কুমিল্লা জেলা ছাত্র কল্যাণ পরিষদের সভাপতি এবং জবি ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছিলেন।

পুলিশ জানায়, নিহত জুবায়েদ ওই বাসায় টিউশন করাতে যেতেন। বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, “ওই বাসাটি ছিল তার টিউশনের জায়গা। কে বা কারা তাকে হত্যা করেছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করা হচ্ছে।”

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক বলেন, “জুবায়েদের মৃত্যুর খবরটি অত্যন্ত বেদনাদায়ক। পুলিশকে ইতোমধ্যে সব সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করতে বলা হয়েছে। আমিও ঘটনাস্থলে যাচ্ছি।”

ঘটনাটি ঘিরে এলাকায় শোক ও উত্তেজনা বিরাজ করছে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠিয়েছে।