আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসী বাংলাদেশি ভোটার, নির্বাচনী দায়িত্বে নিয়োজিত সরকারি কর্মকর্তা এবং নিজ ভোটার এলাকার বাইরে থাকা সরকারি চাকরিজীবী ও আইনি হেফাজতে থাকা ভোটাররা আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন।
নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) মো. রুহুল আমিন মল্লিক সোমবার (৩ নভেম্বর) গণমাধ্যমে প্রকাশিত এক জনস্বার্থমূলক বার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন।
বার্তায় বলা হয়েছে, প্রবাসী বাংলাদেশি ভোটার, নির্বাচনী দায়িত্বে থাকা সরকারি কর্মকর্তা, নিজ এলাকার বাইরে অবস্থানরত সরকারি কর্মী এবং আইনি হেফাজতে থাকা ভোটাররা এবার আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালট ব্যবহার করে ভোট দেবেন। বিস্তারিত তথ্যের জন্য [www.ecs.gov.bd](http://www.ecs.gov.bd) ওয়েবসাইট ভিজিট করতে এবং নির্বাচন কমিশনের ইউটিউব চ্যানেল @BangladeshECS অনুসরণ করতে বলা হয়েছে।
ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, এবার প্রথমবার প্রবাসী ভোটারদের জন্য পোস্টাল ভোটিংয়ের ব্যবস্থা নেওয়া হয়েছে। যারা প্রবাসে থাকাকালীন ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধিত থাকবেন, তারা ডাকযোগে ভোট দিতে পারবেন। তিনি আরও জানান, ১৬ নভেম্বর প্রবাসী ভোটার নিবন্ধন অ্যাপ চালু হবে। ওইদিনই জানানো হবে, এই অ্যাপে কত তারিখ পর্যন্ত নিবন্ধন করা যাবে।





