জামালপুরের বকশীগঞ্জে নিষিদ্ধ ঘোষিত বগারচর ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয় ঘিরে উত্তেজনা দেখা দিয়েছে। কার্যালয় খোলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে ইউনিয়ন বিএনপি। পরে একটি সংগঠনের কর্মীরা কার্যালয়ের সাইনবোর্ড খুলে সেটিকে ‘পাবলিক টয়লেট’ ঘোষণা করেন।
শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে বগারচর ইউনিয়ন বিএনপির উদ্যোগে সারমারা বাজার এলাকায় বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলে নেতৃত্ব দেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শফিউল আলম। এতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান সোহেল রানা পলাশসহ স্থানীয় নেতাকর্মীরা অংশ নেন।
মিছিলটি সারমারা বাজার প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তারা অভিযোগ করেন, আওয়ামী লীগ পুনরায় এলাকায় সক্রিয় হওয়ার চেষ্টা করছে এবং বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়। তারা এ ধরনের উদ্যোগ প্রতিহত করার ঘোষণা দেন।
এদিকে বিকেলে ‘জুলাই ঐক্য বকশীগঞ্জ’ নামে একটি সংগঠনের কর্মীরা সারমারা বাজারে অবস্থিত আওয়ামী লীগের কার্যালয়ের সাইনবোর্ড খুলে আগুন দেন এবং সেটিকে ‘পাবলিক টয়লেট’ ঘোষণা করেন। সংগঠনের নেতা শহিদুল ইসলাম সানী বলেন, ভবিষ্যতে কেউ কার্যালয় খোলার চেষ্টা করলে তা প্রতিরোধ করা হবে।
উল্লেখ্য, সকালে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কয়েকজন নেতাকর্মী বগারচর ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ে গিয়ে জয় বাংলা স্লোগান দেন, পতাকা উত্তোলন করেন এবং সাইনবোর্ড টানান। এরপর থেকেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।





