বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের অসুস্থতার খোঁজ নিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। রোববার (২০ জুলাই) এক ফোনকলের মাধ্যমে জামায়াত আমিরের শারীরিক অবস্থার বিষয়ে খোঁজখবর নেন তিনি এবং প্রয়োজনীয় চিকিৎসা সহযোগিতার আশ্বাস দেন।
ফোনালাপে সেনাপ্রধান জানান, ডা. শফিকুর রহমানের চিকিৎসার জন্য সেনাবাহিনীর পক্ষ থেকে যেকোনো ধরনের সহায়তা দিতে প্রস্তুত তিনি। এসময় জামায়াত আমিরের পক্ষ থেকে সেনাপ্রধানকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়।
এর আগে শনিবার (১৯ জুলাই) বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে একটি জাতীয় সমাবেশে বক্তব্য দেওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন জামায়াত আমির। দ্রুত তাকে ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়। প্রায় সাড়ে তিন ঘণ্টার চিকিৎসা শেষে তিনি রাত ৯টার দিকে বাসায় ফিরে যান। হাসপাতাল ছাড়ার আগে তিনি সমাবেশে অংশ নেওয়া নেতাকর্মী ও দেখতে আসা শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অসুস্থতার খবর পেয়ে শনিবার রাতেই বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধি দল হাসপাতালে গিয়ে জামায়াত আমিরকে দেখতে যান। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মির্জা ফখরুল বলেন, “দেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপটে জামায়াত আমিরের সুস্থতা অত্যন্ত প্রয়োজন। আমরা তার দ্রুত আরোগ্য কামনা করছি।”






