যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, “জুলাই অভ্যুত্থানের অন্যতম প্রধান কারণ ছিল বেকারত্ব। এই সমস্যা দূর করাই এখন আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ।”
বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) সম্মেলনকক্ষে ‘যুব উদ্যোক্তা: বিনিয়োগ ও পলিসি’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আসিফ মাহমুদ জানান, যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে উদ্যোক্তাদের সহায়তায় নেওয়া হয়েছে নানা পদক্ষেপ। “যুব উদ্যোক্তাদের জন্য উদ্যোক্তা ঋণ প্রদান কার্যক্রম চালু রয়েছে। ঋণের পরিমাণ ২ লাখ টাকা থেকে বাড়িয়ে ৫ লাখ টাকা করা হয়েছে। ভবিষ্যতে আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে,” বলেন তিনি।
তিনি আরও জানান, ‘যুব উদ্যোক্তা উন্নয়ন নীতিমালা-২০২৫’ ইতোমধ্যে উপদেষ্টা পরিষদ থেকে অনুমোদন পেয়েছে এবং দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।
এলডিসি উত্তরণ সামনে রেখে আসিফ মাহমুদ বলেন, “দেশের মোট জনসংখ্যার ৬৩ শতাংশই তরুণ। এই বিশাল জনশক্তিকে দক্ষ ও উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে না পারলে ভবিষ্যতে উন্নয়ন বাধাগ্রস্ত হবে।” তাই তরুণদের পাশে দাঁড়াতে সরকারের সদিচ্ছার কথাও তুলে ধরেন তিনি।






