জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে দেশব্যাপী নানা কর্মসূচি হাতে নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। এই উপলক্ষে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে এরই মধ্যে একটি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে, যেখানে বর্ষপূর্তি ঘিরে বিস্তৃত পরিকল্পনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শনিবার (২৮ জুন) সরকারের পক্ষ থেকে পাঠানো এক তথ্য বিবরণীতে জানানো হয়, বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে দেশে ও বিদেশে আয়োজিত হবে দোয়া মাহফিল, আলোচনা সভা, চলচ্চিত্র প্রদর্শনী, প্রকাশনা উৎসবসহ নানা অনুষ্ঠান।
বিদেশে বাংলাদেশ মিশনগুলো ‘জুলাই গণঅভ্যুত্থান’ উপলক্ষে গ্রাফিতি বই ও পোস্টার প্রদর্শনী, চলচ্চিত্র ‘শ্রাবণ বিদ্রোহ’ প্রদর্শন এবং আলোচনা সভা আয়োজন করবে।
রাজধানীর তথ্য ভবনে আগস্টের প্রথম সপ্তাহে শহীদদের স্মরণে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এছাড়া মন্ত্রণালয় ও এর অধীন বিভিন্ন সংস্থার কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র্যালি বের করার পরিকল্পনাও রয়েছে।
বর্ষপূর্তির অংশ হিসেবে ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত জাতীয় পত্রিকা ও সাময়িকীতে গণঅভ্যুত্থানবিষয়ক নিবন্ধ, ফিচার ও ক্রোড়পত্র প্রকাশিত হবে। পাশাপাশি দেশজুড়ে বিলবোর্ড, পোস্টার ও ফেস্টুনের মাধ্যমে জনসচেতনতা সৃষ্টি করা হবে।
তথ্য ভবনে আয়োজন করা হবে একটি প্রকাশনা উৎসব, যেখানে ‘জুলাই গণঅভ্যুত্থান’ বিষয়ক গ্রন্থসমূহ প্রদর্শন করা হবে।
বর্ষপূর্তির অন্যতম আকর্ষণ হিসেবে ৫ জুলাই জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে অনুষ্ঠিত হবে চলচ্চিত্র ‘শ্রাবণ বিদ্রোহ’-এর প্রিমিয়ার শো। জেলা তথ্য অফিসগুলোর মাধ্যমে সিনেমাটি সারাদেশে প্রদর্শনের উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া প্রামাণ্যচিত্র প্রদর্শনীরও আয়োজন থাকবে।
বাংলাদেশ বেতার ও টেলিভিশনে সম্প্রচারিত হবে বিশেষ অনুষ্ঠানমালা। ঢাকায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়, তথ্য ভবন ও বাংলাদেশ ফিল্ম আর্কাইভে হবে আলোকচিত্র ও গ্রাফিতি প্রদর্শনী।
গণঅভ্যুত্থানে শহীদ হওয়া সাংবাদিকদের পরিবারের সদস্যদের দেওয়া হবে সম্মাননা, বিশেষ অনুদান ও উপহার।
বর্ষপূর্তি উপলক্ষে একটি আন্তর্জাতিক সেমিনার আয়োজনের সিদ্ধান্তও নেওয়া হয়েছে, যাতে বিশ্বপরিসরে এই ঐতিহাসিক ঘটনাকে তুলে ধরা যায়।







