গণ-অভ্যুত্থানে নিহত রোহিঙ্গা নাগরিক নূর মোস্তফাকে শহীদের স্বীকৃতি দিতে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। বিষয়টি নিশ্চিত করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম।
বুধবার (৩ জুলাই) বিকেলে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে মাহফুজ আলম লেখেন, “আলহামদুলিল্লাহ! গত ২২ জুন কেবিনেট মিটিংয়ে আমি নূর মোস্তফার স্বীকৃতির প্রস্তাব উত্থাপন করি। গণ-অভ্যুত্থান অধিদপ্তরের অধীনে এই স্বীকৃতির প্রক্রিয়া চলছে। খুব শিগগিরই প্রজ্ঞাপন জারি করা হবে। জুলাই সবার!”
জানা গেছে, গত ৫ আগস্ট কক্সবাজারের ঈদগাঁও থানার সামনে গুলিবিদ্ধ হন নূর মোস্তফা। পরদিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার বাবার নাম শফিউল আলম এবং মায়ের নাম নূর বেগম। পরিবারটি ১৯৯২ সালে মিয়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে এসে ঈদগাঁও এলাকায় স্থায়ীভাবে বসবাস শুরু করে।
নূর মোস্তফার জন্ম ও শিক্ষাজীবন বাংলাদেশেই হলেও, তার মা-বাবার জাতীয় পরিচয়পত্র না থাকায় এতদিন তাকে ‘জুলাই শহীদ’ তালিকায় অন্তর্ভুক্ত করা হয়নি। ফলে পরিবারটি কোনো রাষ্ট্রীয় সহায়তাও পায়নি।
নূর মোস্তফাকে শহীদ হিসেবে স্বীকৃতি দিলে এটি হবে গণ-অভ্যুত্থানে অংশ নেওয়া রোহিঙ্গা সম্প্রদায়ের কারও প্রথম আনুষ্ঠানিক স্বীকৃতি—যা ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকেও গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকেরা।







