পাবনা শহরের শালগাড়িয়ার তালবাগান এলাকায় জুলাই আন্দোলনের যোদ্ধা সিরাজুম মুনিরার পরিবারের বাসার গেটে লাল রঙের ক্রসচিহ্ন এঁকে দেওয়ার ঘটনা ঘটেছে। এতে মুনিরা ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। পরিবারটির দাবি, গত ১৯ ডিসেম্বর রাতের কোনো এক সময়ে দুর্বৃত্তরা এই চিহ্ন আঁকে।

সিরাজুম মুনিরা জানান, বর্তমানে তিনি নিয়মিত পাবনায় অবস্থান করেন না। তার বাবা-মা শালগাড়িয়ার তালবাগান এলাকার ওই বাসায় বসবাস করেন। শনিবার সকালে তারা বাসার গেটে লাল রঙের ক্রসচিহ্ন দেখতে পান। তবে কারা এটি এঁকেছে, তা তারা কিংবা প্রতিবেশীরা কেউ দেখেননি। মুনিরা দুশ্চিন্তায় পড়বেন—এমন আশঙ্কায় বিষয়টি শুরুতে তাকে জানানো হয়নি।

তিনি বলেন, রোববার রাতে বাসায় ফিরে পরদিন বিকেলে বের হওয়ার সময় বিষয়টি তার নজরে আসে। এরপর তিনি মৌখিকভাবে থানা পুলিশকে বিষয়টি জানান।

মুনিরা আরও বলেন, জুলাই আন্দোলনের সময় পাবনায় তিনি সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন। আন্দোলনের শুরু থেকেই তাকে ও তার পরিবারকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছিল। এই ঘটনার পেছনে কারা জড়িত, তা নিশ্চিত না হলেও তাকে ভয় দেখানো ও মানসিকভাবে চাপে ফেলতেই এটি করা হয়েছে বলে তিনি ধারণা করছেন।

এ ঘটনায় এখনো থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়নি জানিয়ে তিনি বলেন, মৌখিকভাবে জানানোতেই প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা পাওয়া যাচ্ছে। পরিবারের নিরাপত্তায় বাসার সামনে নিয়মিত পুলিশ টহল দেওয়া হচ্ছে।

এ বিষয়ে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল হোসেন জানান, এখন পর্যন্ত এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। কে বা কারা এই কাজ করেছে, সে সম্পর্কেও নিশ্চিত কোনো তথ্য নেই এবং কোনো সিসিটিভি ফুটেজও পাওয়া যায়নি। তবে পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে এবং মুনিরা ও তার পরিবারের নিরাপত্তার বিষয়টি নজরে রাখা হয়েছে।