অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস-এর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলা করার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ মুসলিম লীগ-এর সভাপতি ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মোহসিন রশীদ। তিনি বলেন, ইউনূসের কর্মকাণ্ড শুধু সংবিধান লঙ্ঘন নয়, বরং রাষ্ট্রদ্রোহের পর্যায়ে পড়ে। সরকার ব্যবস্থা না নিলে তিনি নিজেই আইনি পদক্ষেপ নেবেন বলে জানান।

সোমবার এক ইউটিউব আলোচনায় মোহসিন রশীদ অভিযোগ করেন, প্রধানমন্ত্রীর পদ শূন্য থাকার সময় রাষ্ট্রপতির সঙ্গে যথাযথ যোগাযোগ রক্ষা না করা, নীতিগত সিদ্ধান্তে তাকে অবহিত না করা এবং সাংবিধানিক শিষ্টাচার লঙ্ঘন করা হয়েছে। এছাড়া প্রেস উইং অপসারণ, বঙ্গভবন ঘেরাও এবং রাষ্ট্রপতিকে অপসারণের চেষ্টা রাষ্ট্রীয় শিষ্টাচারবিরোধী কাজ ছিল বলেও তিনি মন্তব্য করেন।

তিনি আরও বলেন, এসব ঘটনার সঙ্গে ড. ইউনূস ও তার উপদেষ্টা পরিষদের সদস্যদের সম্পৃক্ততা খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করা প্রয়োজন। পাশাপাশি ভবিষ্যতে কোনো অসাংবিধানিক অন্তর্বর্তী সরকার গঠনের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।