সরকার ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজকে সরিয়ে দিয়েছেন। সোমবার (৯ ফেব্রুয়ারি) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের যুগ্মসচিব মাহবুবা আইরিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব সুরাইয়া আক্তার জাহানকে দায়িত্ব দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’-এর ধারা ২৫ক-এর উপধারা (১) অনুযায়ী পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সুরাইয়া আক্তার জাহান ডিএনসিসির মেয়রের ক্ষমতা প্রয়োগ এবং দায়িত্ব পালন করবেন। তিনি নিজ পদে থাকলেও অতিরিক্ত দায়িত্ব হিসেবে এই দায়িত্ব পালন করবেন। বিধি অনুযায়ী তিনি কেবল ‘দায়িত্ব ভাতা’ পাবেন, অন্য কোনো আর্থিক বা আনুষঙ্গিক সুবিধা পাবেন না।

এর আগে, গত বছরের ১২ ফেব্রুয়ারি রিভার অ্যান্ড ডেল্টা রিসার্চ সেন্টারের চেয়ারম্যান মোহাম্মদ এজাজকে ডিএনসিসির প্রশাসকের দায়িত্ব দেওয়া হয়েছিল। ১ ফেব্রুয়ারি দুদকের আবেদনের প্রেক্ষিতে তাকে ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. সাব্বির ফয়েজ দেশত্যাগের নিষেধাজ্ঞা দেন।