রাজধানীর আইনশৃঙ্খলা ব্যবস্থাকে আরও আধুনিক ও কার্যকর করতে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) পুনর্গঠন করে দুইজন পুলিশ কমিশনার নিয়োগের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী ও ন্যাশনাল লইয়ার্স কাউন্সিলের চেয়ারম্যান এস. এম. জুলফিকার আলী জুনু এ রিট করেন।
রিটে বলা হয়, ঢাকা বর্তমানে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনে বিভক্ত হলেও পুরো মহানগরের পুলিশিং কার্যক্রম এখনো একক ডিএমপি কমিশনারের অধীনে পরিচালিত হচ্ছে। এতে দ্রুত নগরায়ন, জনসংখ্যার চাপ, অপরাধ বৃদ্ধি ও যানজটসহ নানা চ্যালেঞ্জ মোকাবিলা কঠিন হয়ে পড়েছে।
আবেদনে স্বরাষ্ট্র সচিব, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি), ডিএমপি কমিশনার, স্থানীয় সরকার সচিব এবং দুই সিটি কর্পোরেশনের মেয়রসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।
রিটে ডিএমপিকে উত্তর ও দক্ষিণ—দুইটি পৃথক ইউনিটে ভাগ করে আলাদা পুলিশ কমিশনার নিয়োগের নির্দেশনা এবং বর্তমান কাঠামোকে অসাংবিধানিক ঘোষণা করে জরুরি সংস্কারের পদক্ষেপ নেওয়ার আর্জি জানানো হয়েছে।





