প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, ডিজিটাল পোস্টাল ব্যালটের মাধ্যমে প্রবাসী বাংলাদেশি ও যারা ভোটের সঙ্গে সরাসরি সম্পৃক্ত তাদের ভোটদানের ব্যবস্থা করা হচ্ছে।

রোববার (২৮ সেপ্টেম্বর) সকালে নির্বাচনী সংলাপে তিনি বলেন, জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে আয়োজনের জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হয়েছে। নতুন নতুন উদ্যোগ হাতে নেওয়া হয়েছে যাতে ভোটাররা নিরাপদ ও সুবিধাজনকভাবে ভোট দিতে পারেন।

সংলাপের প্রথম সেশনে সকাল সাড়ে ১০টা থেকে সুশীল সমাজের ২৬ প্রতিনিধি অংশ নেন, যা সাড়ে ১২টায় শেষ হয়। দুপুর আড়াইটা থেকে বিকেল সাড়ে ৪টায় ১৫–১৭ জন শিক্ষাবিদ অংশ নেন দ্বিতীয় সেশনে।

নির্বাচন কমিশন পূজার ছুটি শেষে অক্টোবর মাসে নারী নেত্রী, জুলাইযোদ্ধা, গণমাধ্যমকর্মী ও রাজনৈতিক দলের সঙ্গে সংলাপের মাধ্যমে প্রস্তুতি চালাবে।

সিইসি জানান, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের লক্ষ্যে কমিশন এখন থেকে কাজ শুরু করেছে। তফসিল ঘোষণা সম্ভবত ডিসেম্বরের প্রথমার্ধে হতে পারে।