প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল বলেছেন, বিদেশে যেতে আগ্রহী কর্মীদের কাছ থেকে বিভিন্ন অ্যাপ ও প্রক্রিয়ার মাধ্যমে বিপুল অর্থ আদায় করা হতো। এই অনিয়ম ও দুর্নীতি বন্ধ করতেই সরকার সর্বোচ্চ চেষ্টা করেছে।


বুধবার (১৭ ডিসেম্বর) আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস–২০২৫ উপলক্ষে ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।


আসিফ নজরুল বলেন, প্রবাসী ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে আইওএম ও আইএলও গুরুত্বপূর্ণ সহায়তা দিয়েছে। তাদের সহযোগিতায় ‘ওভারসিজ এমপ্লয়মেন্ট প্ল্যাটফর্ম’ নামে একটি পূর্ণাঙ্গ অনলাইন ব্যবস্থা চালু করা হয়েছে। এর মাধ্যমে বিদেশে কর্মসংস্থান সংক্রান্ত পুরো প্রক্রিয়া শতভাগ ডিজিটাল করা হয়েছে। ডিজিটাল ব্যবস্থার ফলে দুর্নীতি, হয়রানি ও ভোগান্তির সুযোগ অনেকটাই কমেছে। তবে তিনি বলেন, যেহেতু এই ব্যবস্থার সঙ্গে মানুষ যুক্ত, তাই দায়িত্বশীলতার বিষয়টি নিশ্চিত করা জরুরি।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।


আসিফ নজরুল বলেন, ভোটার হিসেবে নিবন্ধন করা প্রবাসীরা এবার প্রথমবারের মতো ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবেন। প্রবাসীদের গুরুত্ব দিয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিয়মিত কাজের বাইরে বিশেষ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে বলেও তিনি জানান। তবে এসব উদ্যোগ এখনও পর্যাপ্ত নয় বলে মন্তব্য করেন তিনি।


তিনি আরও বলেন, সৌদি আরবের সঙ্গে বাংলাদেশ প্রথমবারের মতো একটি আনুষ্ঠানিক চুক্তি করেছে। চুক্তির সুফল সঙ্গে সঙ্গে দৃশ্যমান না হলেও ভবিষ্যতে এর ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা প্রকাশ করেন তিনি। সৌদি সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তারা জানিয়েছেন, বাংলাদেশের সঙ্গে এমন চুক্তি এর আগে অন্য দেশের ক্ষেত্রে হয়নি।


মালয়েশিয়া প্রসঙ্গে উপদেষ্টা বলেন, আগে অনেক শ্রমিক একবার দেশে ফিরলে আর সেখানে যেতে পারতেন না, কারণ তাদের সিঙ্গেল ভিসা দেওয়া হতো। সরকারের উদ্যোগে এটি প্রথমবারের মতো মাল্টিপল ভিসায় রূপান্তর করা সম্ভব হয়েছে।


সিন্ডিকেট প্রসঙ্গে তিনি বলেন, মালয়েশিয়ায় শ্রমিক পাঠানোর ক্ষেত্রে দীর্ঘদিন ধরে একটি সিন্ডিকেট কাজ করছিল। সেই সিন্ডিকেটকে সরকার ডিলিস্ট করেছে এবং স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে, প্রবাসী শ্রমিকদের কাছ থেকে অবৈধভাবে মুনাফা আদায়ের সুযোগ আর দেওয়া হবে না। ভবিষ্যতে এ বিষয়ে আরও কার্যকর পদক্ষেপ নেওয়ার প্রয়োজন রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।


শেষে আসিফ নজরুল বলেন, ভবিষ্যতের সরকার যদি প্রবাসীদের প্রতি ন্যূনতম দায়বদ্ধতা ও কৃতজ্ঞতাবোধ রাখে, তাহলে বর্তমানে নেওয়া উদ্যোগগুলো আরও এগিয়ে নেওয়া সম্ভব হবে। এতে প্রবাসী শ্রমিকদের কল্যাণে দীর্ঘমেয়াদি সুফল আসবে।