সাংবাদিক আনিস আলমগীরকে এখনও ডিবি হেফাজতে রাখা হয়েছে এবং তার বিরুদ্ধে জিজ্ঞাসাবাদ চলছে। ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র মুহাম্মদ তালেবুর রহমান জানিয়েছেন, তার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত পরে জানানো হবে।
সোমবার (১৫ ডিসেম্বর) নিজের কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই তথ্য জানান।
রোববার (১৪ ডিসেম্বর) আনিস আলমগীরকে ডিবি হেফাজতে নেওয়া হয়। তবে তাৎক্ষণিকভাবে কেন তাকে হেফাজতে নেওয়া হয়েছে, তা প্রকাশ করা হয়নি। ডিবি প্রধান শফিকুল ইসলাম রাতে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, আনিস আলমগীরের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে এবং সেই বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য তাকে ডিবি কার্যালয়ে আনা হয়েছে।
এদিকে, সাংবাদিক আনিস আলমগীর, অভিনেত্রী মেহের আফরোজ শাওন ও আরও দুইজনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ দায়ের করেছেন জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্সের কেন্দ্রীয় সংগঠক আরিয়ান আহমেদ। অন্য অভিযুক্তরা হলেন মারিয়া কিশপট্ট এবং ইমতু রাতিশ ইমতিয়াজ।
অভিযোগে উল্লেখ করা হয়েছে, ২০২৪ সালের জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পর বিভিন্ন কৌশলে দেশের স্থিতিশীলতা ও অবকাঠামোকে ক্ষতি করার পরিকল্পনা করা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, বিবাদীরা সামাজিক যোগাযোগমাধ্যম ও টকশোতে নিষিদ্ধ সংঘঠনকে পুনরায় সক্রিয় করার প্রপাগান্ডা চালাচ্ছে, যার প্রভাবে ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরা রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে অংশ নিচ্ছে।





