ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম গণমাধ্যমে আগুন দেয়ার বিষয়ে একটি মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন। একই সঙ্গে তার বক্তব্যের সংশোধনীর তথ্যও পত্রিকাটি প্রকাশ করেছে।

বুধবার (২৪ ডিসেম্বর) ডেইলি স্টারের বরাত দিয়ে জানানো হয়েছে, ২১ ডিসেম্বর বিএনপি আয়োজিত সম্পাদক ও সিনিয়র সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় আমি (মাহফুজ আনাম) দ্য ডেইলি স্টার ও প্রথম আলোতে অগ্নিসংযোগকে বাংলাদেশে এই ধরনের প্রথম ঘটনা হিসেবে উল্লেখ করেছিলাম।

তিনি বলেন, “এরপর আমার নজরে এসেছে যে অতীতে সংবাদমাধ্যমে আরও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে, যদিও সেই সময় পরিস্থিতি এতটা ভয়াবহ ছিল না এবং জীবন ও সম্পত্তির ওপর ততটা হুমকি সৃষ্টি হয়নি। আমি আমার ভুলের জন্য আন্তরিকভাবে দুঃখিত এবং এই সংশোধনী নোট অনলাইনে প্রচারিত প্রতিবেদনের সঙ্গে সংযুক্ত করা হবে।”

গত ২১ ডিসেম্বর মাহফুজ আনাম বলেন, “বাংলাদেশের ৫৩ বছরের ইতিহাসে কোনো গণমাধ্যমের কার্যালয়ে আগে কখনো আগুন দেওয়া হয়নি। প্রথম আলো ও দ্য ডেইলি স্টারেই প্রথমবারের মতো এমন হামলার ঘটনা ঘটেছে।” তিনি প্রশ্ন তুলেছিলেন, কেন এমন ঘটনা ঘটল এবং গণমাধ্যম কী অপরাধ করেছে যে তাদের লক্ষ্যবস্তু করা হলো।

তবে ইতিহাসে এমন ঘটনা নতুন নয়। ২০১২ সালের ১২ ফেব্রুয়ারি আওয়ামী শাসনামলে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে নয়া দিগন্ত কার্যালয়ে অগ্নিসংযোগ করা হয়েছিল। তৎকালীন মিছিলটি মতিঝিল এলাকায় পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পুলিশের তল্লাশি ও সংঘর্ষের পর, ১০-১২ জনের একদল দুর্বৃত্ত নয়া দিগন্তের কার্যালয় লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে এবং কার্যালয়ে অগ্নিসংযোগ চালায়।

ঘটনার সময় কার্যালয়ে থাকা কর্মকর্তা ও কর্মচারীরা আতঙ্কে ছাদে উঠে যান বা নিরাপদ স্থানে সরে যান। স্থানীয়দের সহায়তায় আগুন নেভানোর চেষ্টা করা হয়। অগ্নিসংযোগে প্রেসে রাখা ১৫-১৬টি কাগজের রোলসহ প্রচুর মুদ্রিত কাগজ পুড়ে যায়, যা আশপাশে ব্যাপক আতঙ্কের সৃষ্টি করে।

মাহফুজ আনাম তার ভুল সংশোধন করে অনলাইনে এই তথ্য সংযুক্ত করেছেন এবং পুনরায় দুঃখ প্রকাশ করেছেন।