রাষ্ট্রীয় সফরে ঢাকায় পৌঁছেছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে। ড্রুকএয়ারের একটি ফ্লাইটে তিনি শনিবার সকাল ৮টা ১৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।

বিমানবন্দরে তাকে লাল গালিচা সংবর্ধনা জানানো হয়। স্বাগত জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। ভিআইপি লাউঞ্জে দুই নেতার মধ্যে সংক্ষিপ্ত বৈঠক হয়। সেখানে ভুটানের প্রধানমন্ত্রী শুক্রবারের ভূমিকম্পে বাংলাদেশের ক্ষয়ক্ষতি ও প্রাণহানির বিষয়ে জানতে চান এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান।

বৈঠকের পর তাকে সালাম মঞ্চে নেওয়া হয়। সেখানে ১৯ বার তোপধ্বনি ও গার্ড অব অনার প্রদান করা হয়।

পরে তিনি সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করতে রওনা হন। স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ শেষে দর্শনার্থী বইতেও স্বাক্ষর করবেন।

বিকেলে ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা ও বাণিজ্য উপদেষ্টা। এরপর বিকেল ৩টার দিকে তিনি তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে একান্ত আলোচনা করবেন।

সন্ধ্যায় তার সম্মানে সরকারি নৈশভোজের আয়োজন রয়েছে।

সফরকালে দুই দেশের মধ্যে তিনটি চুক্তি ও সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে।