রাজধানীর গুলশানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসভবনের সামনে থেকে দুইজন সন্দেহভাজন ব্যক্তিকে আটক করেছে পুলিশ ও চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স (সিএসএফ)।
রোববার (৪ জানুয়ারি) সকাল ১০টা ৫০ মিনিটে গুলশানের ১৯৬ নম্বর বাসভবনের সামনে থেকে মো. রুহুল আমিন (৪৬) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি নিজেকে চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলার বাসিন্দা হিসেবে পরিচয় দেন।
পুলিশের সূত্রে জানা গেছে, ওই ব্যক্তি বাসভবন ও আশপাশের এলাকায় বাড়ি ও গাড়ির বিভিন্ন জায়গা থেকে ছবি তুলছিলেন। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় পুলিশ ও সিএসএফ সদস্যরা তাকে জিজ্ঞাসাবাদ করে আটক করে।
কিছুক্ষণ পর, বেলা ১১টা ১৫ মিনিটে একই স্থানে মো. ওমর ফারুক নামের আরেক ব্যক্তিকেও আটক করা হয়। প্রাথমিকভাবে তার পরিচয় নিশ্চিত করা যায়নি।
গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানিয়েছেন, দেহ তল্লাশি চালিয়ে ওমর ফারুকের কাছ থেকে দুই পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়েছে। আটক দুইজনকেই এলিট ফোর্সের সদস্যরা থানায় হস্তান্তর করেন। একজন মোবাইল ফোন দিয়ে ছবি তুলছিলেন, আর অপরজনের কাছ থেকে মাদকদ্রব্য উদ্ধার করা হয়।





