তালেবান সরকারের আমন্ত্রণে আফগানিস্তান সফরে গেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকসহ দেশের শীর্ষস্থানীয় সাতজন আলেম। বুধবার (১৯ সেপ্টেম্বর) সকালে প্রতিনিধিদলটি আফগানিস্তানের রাজধানী কাবুলে পৌঁছান।
বৃহস্পতিবার খেলাফত মজলিসের পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন—হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির মাওলানা আবদুল হামিদ (মধুপুরের পীর), মাওলানা আবদুল আউয়াল, মাওলানা আবদুল হক, মাওলানা হাবিবুল্লাহ মাহমুদ কাসেমী, মাওলানা মনির হোসাইন কাসেমী ও মাওলানা মাহবুবুর রহমান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সফরে তালেবান সরকারের প্রধান বিচারপতি, বিভিন্ন মন্ত্রী, শীর্ষ ওলামায়ে কেরাম ও উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন বাংলাদেশি আলেমরা। মানবাধিকার ও নারী অধিকার নিয়ে পশ্চিমা বিশ্বের সমালোচনার প্রেক্ষাপটে সরাসরি পরিস্থিতি পর্যবেক্ষণও করবেন তারা।
এ ছাড়া দুই দেশের আলেমদের সম্পর্ক জোরদার, কূটনৈতিক অগ্রগতি, ব্যবসা-বাণিজ্য, শিক্ষা ও স্বাস্থ্য খাতে সহযোগিতা বৃদ্ধির বিষয়গুলো আলোচনায় অগ্রাধিকার পাবে। সাম্প্রতিক ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করারও কথা রয়েছে প্রতিনিধিদলের।
খেলাফত মজলিস জানায়, এর আগে ১৪ সেপ্টেম্বর মামুনুল হকসহ আলেমদের এই দল পবিত্র ওমরাহ পালনের উদ্দেশে সৌদি আরবে যান। ওমরাহ শেষে বুধবার সকালে তারা দুবাই হয়ে কাবুলে পৌঁছান। সফরে আফগানিস্তান ছাড়াও মধ্য এশিয়ার কয়েকটি দেশে যাওয়ার পরিকল্পনাও রয়েছে তাদের।





