জাতীয় সংসদ নির্বাচন না স্থানীয় সরকার নির্বাচন—কোনটি আগে হবে, তা রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের ভিত্তিতে নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।


বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।


আসিফ মাহমুদ আরও জানান, এখন থেকে স্থানীয় সরকার নির্বাচনে আর রাজনৈতিক দলের প্রতীক ব্যবহার করা হবে না।


তিনি বলেন, “এ সংক্রান্ত চারটি আইনের সংশোধনী আজকের উপদেষ্টা পরিষদের বৈঠকে অনুমোদিত হয়েছে। স্থানীয় সরকার বিভাগ এটি উত্থাপন করেছে। ফলে আগামী নির্বাচনগুলো দলীয় প্রতীকের বাইরে অনুষ্ঠিত হবে।”


এর আগে বৃহস্পতিবার দুপুরে নিজের ফেসবুক পোস্টে আসিফ মাহমুদ লিখেছিলেন, “রাজনৈতিক নিরপেক্ষতা এবং জনগণের সরাসরি মতপ্রকাশের সুযোগ বাড়াতে স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক রাখা হচ্ছে না।”


উল্লেখ্য, সংশোধিত আইনের আওতায় ইউনিয়ন, উপজেলা ও জেলা পরিষদসহ পৌরসভা ও সিটি করপোরেশন নির্বাচনে এখন থেকে স্বতন্ত্রভাবে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ থাকবে, দলীয় মনোনয়ন আর বাধ্যতামূলক থাকবে না।


এই সিদ্ধান্তকে স্থানীয় সরকার ব্যবস্থায় অংশগ্রহণমূলক গণতন্ত্রের নতুন ধাপ হিসেবে দেখা হচ্ছে।