দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। যুক্তরাজ্যের লন্ডন থেকে যাত্রা করে তাকে বহনকারী উড়োজাহাজটি বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ৯টা ৫৫ মিনিটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।


\r\n

যাত্রাবিরতি শেষে বিমানটি সিলেট থেকে আবার রওনা হয়ে দুপুর পৌনে ১২টার দিকে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।


\r\n

দেশের আকাশসীমায় প্রবেশের পরপরই তারেক রহমান নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে একটি পোস্ট দেন। সেখানে তিনি লেখেন, “দীর্ঘ ৬ হাজার ৩শ ১৪ দিন পর বাংলাদেশের আকাশে।”


\r\n

এর আগে বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার ‘বিজি-২০২’ ফ্লাইটটি স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে। প্রায় ১৭ বছর পর তারেক রহমানের দেশে ফেরার এই সফরে তার সঙ্গে রয়েছেন স্ত্রী ডা. জোবাইদা রহমান ও মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান।


\r\n

সূত্র জানায়, ফ্লাইট ছাড়ার নির্ধারিত সময়ের প্রায় চার ঘণ্টা আগে স্থানীয় সময় দুপুর ২টা ১৫ মিনিটে বাসা থেকে বের হন তারেক রহমান। তিনি বিকেল ৪টা ১৫ মিনিটে হিথ্রো বিমানবন্দরে পৌঁছান।


\r\n

এ যাত্রায় ডা. জোবাইদা রহমান ও ব্যারিস্টার জাইমা রহমানের পাশাপাশি তারেক রহমানের সফরসঙ্গী হিসেবে রয়েছেন তার মিডিয়া টিমের প্রধান আবু আবদুল্লাহ সালেহ, ব্যক্তিগত সহকারী রহমান সানি ও তাবাসসুম ফারহানা।