আলোচিত ইসলামী বক্তা আবু ত্বহা মুহাম্মদ আদনান ও তার স্ত্রী সাবিকুন নাহার সারার দাম্পত্য সম্পর্ক আবারও বিচ্ছেদের মাধ্যমে শেষ হয়েছে। দ্বিতীয় দফায় বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার মাত্র চার মাসের মাথায় তাদের মধ্যে বিচ্ছেদ ঘটেছে বলে জানা গেছে।
শনিবার (৯ মে) বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেন সাবিকুন নাহার সারা। তিনি জানান, দীর্ঘদিনের পারিবারিক অস্থিরতা ও মতবিরোধের কারণে সম্পর্ক টিকিয়ে রাখা সম্ভব হয়নি।
তিনি বলেন, “আমরা নতুন করে সংসার শুরু করার চেষ্টা করেছিলাম। দুই পরিবারও বিষয়টিতে সমর্থন দিয়েছিল। কিন্তু কিছু অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কারণে সম্পর্ক আর এগিয়ে নেওয়া যায়নি। শেষ পর্যন্ত রমজানের চাঁদরাতেই বিচ্ছেদ সম্পন্ন হয়।”
এর আগে একবার বিচ্ছেদের পর গত বছরের ২ ডিসেম্বর পারিবারিকভাবে পুনরায় বিবাহবন্ধনে আবদ্ধ হন এই দম্পতি। দুই পরিবারের মধ্যস্থতায় সম্পর্ক পুনরায় গড়ে উঠলেও তা দীর্ঘস্থায়ী হয়নি।
আবু ত্বহা আদনান দেশের তরুণদের কাছে পরিচিত একটি নাম। তার ব্যক্তিগত জীবনের এই বিচ্ছেদ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা চলছে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত তার পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।





