দেশে দীর্ঘদিন ধরে চলমান উচ্চ মূল্যস্ফীতি ও কর্মচারীদের বাস্তব আয়ের অবনতির প্রেক্ষাপটে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো নির্ধারণে পে কমিশন গঠন করেছে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন উপদেষ্টা পরিষদ।

সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খান এই নতুন পে কমিশনের নেতৃত্ব দেবেন। বিষয়টি বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে জানান।

বর্তমানে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা ২০১৫ সালের জাতীয় বেতন স্কেল অনুযায়ী বেতন-ভাতা পাচ্ছেন। বর্তমানে দেশে প্রায় ১৫ লাখ সরকারি কর্মকর্তা-কর্মচারী কর্মরত রয়েছেন।

দুই বছরেরও বেশি সময় ধরে দেশে উচ্চ মূল্যস্ফীতি বিরাজ করছে, যা কর্মজীবীদের প্রকৃত আয়কে হ্রাস করেছে। এমন পরিস্থিতিতে সরকারি কর্মীদের জীবনযাত্রার মান উন্নয়ন এবং অর্থনৈতিক ভারসাম্য রক্ষায় নতুন পে কমিশনের সিদ্ধান্তকে সময়োপযোগী পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।