যুক্তরাষ্ট্রে গিয়ে শুধু সন্তানের নাগরিকত্ব নিশ্চিত করার উদ্দেশ্যে সন্তান জন্ম দেওয়া ভিসার শর্ত অনুযায়ী অনুমোদিত নয় বলে জানিয়েছে দেশটির দূতাবাস।


বুধবার (২৯ এপ্রিল) সকাল ৯টা ৩০ মিনিটে দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় বলা হয়, যদি কেউ মূলত সন্তানের নাগরিকত্ব পাওয়ার লক্ষ্য নিয়ে যুক্তরাষ্ট্রে ভ্রমণ করেন, তবে তা ভিসার নিয়মের পরিপন্থী হিসেবে বিবেচিত হবে। এমন ক্ষেত্রে কনস্যুলার কর্মকর্তারা ভ্রমণের প্রকৃত উদ্দেশ্য নিয়ে সন্দেহ পেলে ট্যুরিস্ট ভিসার আবেদন বাতিল করা হতে পারে।


দূতাবাস জানায়, এই ধরনের কর্মকাণ্ড যুক্তরাষ্ট্রের ভিসা নীতিমালায় অনুমোদিত নয়। তাই আবেদনকারীদের যথাযথ ও সঠিক উদ্দেশ্য উল্লেখ করে ভিসার জন্য আবেদন করার পরামর্শ দেওয়া হয়েছে।


এছাড়া ভিসা আবেদনে ভুল তথ্য দেওয়া বা শর্ত ভঙ্গ করলে ভবিষ্যতে যুক্তরাষ্ট্র ভ্রমণের সুযোগেও নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে সতর্ক করা হয়েছে।