নিবন্ধিত সব রাজনৈতিক দলের কাছে ২০২৪ সালের পঞ্জিকা বছরের আয়-ব্যয়ের হিসাব চেয়ে তাগিদ পত্র পাঠিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। তবে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত থাকায় দলটিকে এই তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।

সোমবার (৭ জুলাই) বিষয়টি নিশ্চিত করেন ইসি সচিব মো. আখতার আহমেদ। তিনি বলেন, “নিবন্ধিত ৫০টি রাজনৈতিক দলকে চিঠি দেওয়া হয়েছে। তবে আওয়ামী লীগকে দেওয়া হয়নি, কারণ তাদের নিবন্ধন স্থগিত রয়েছে।”

গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী, নিবন্ধিত রাজনৈতিক দলগুলোকে প্রতি বছর ৩১ জুলাইয়ের মধ্যে আগের বছরের আয়-ব্যয়ের হিসাব নির্বাচন কমিশনে জমা দিতে হয়। টানা তিন বছর হিসাব না দিলে সংশ্লিষ্ট দলের নিবন্ধন বাতিলের বিধান রয়েছে।

ইসি সূত্র জানায়, ইতোমধ্যেই ২০২4 সালের আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটি হিসাব অনুযায়ী পাঁচ লাখ টাকা ঘাটতিতে রয়েছে।

অন্যদিকে, জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের জানান, তাদের দলের তহবিল বর্তমানে দুই কোটি নয় লাখ ৬১ হাজার ৩০৬ টাকা।

গত বছর হিসাব জমা দেওয়ার সময় আওয়ামী লীগের তহবিল ১০০ কোটি টাকা ছাড়িয়েছে বলে জানিয়েছিলেন দলটির কোষাধ্যক্ষ এইচ এম আশিকুর রহমান। তবে এবার দলটির নিবন্ধন স্থগিত থাকায় তাদের কোনো চিঠি দেওয়া হয়নি বলে নিশ্চিত করেছে কমিশন।

বর্তমানে নির্বাচন কমিশনে নিবন্ধিত দলের সংখ্যা ৫১টি হলেও আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত থাকায় তাগিদ পত্র পেয়েছে ৫০টি দল।