জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় দফার সংলাপ শেষে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচন ডিসেম্বর ২০২৫ থেকে জুন ২০২৬—এই সময়ের মধ্যে যেকোনো সময়ে অনুষ্ঠিত হতে পারে

\r\n

সোমবার (২ জুন) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এই আলোচনায় সভাপতিত্ব করেন কমিশনের প্রধান ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

\r\n

সংলাপ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় শফিকুল আলম বলেন, \"ড. ইউনূস স্পষ্ট করে বলেছেন, নির্বাচন ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল কিংবা জুন—এই সময়ের মধ্যে হতে পারে। তবে ৩০ জুনের পরে নয়।\"

\r\n

তিনি আরও জানান, রাষ্ট্রীয় সংস্কারের নানা বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে চলমান মতবিরোধ নিরসনের লক্ষ্যে এই দ্বিতীয় দফার আলোচনা অনুষ্ঠিত হয়। কমিশনের পক্ষ থেকে সব রাজনৈতিক দলের উপস্থিতির জন্য ধন্যবাদ জানানো হয় এবং জাতীয় স্বার্থে সবাইকে এক টেবিলে বসার প্রশংসা করেন প্রধান উপদেষ্টা।

\r\n

এর আগে, ১৫ ফেব্রুয়ারি থেকে ১৯ মে পর্যন্ত প্রথম দফার সংলাপে অংশ নেয় ৩৩টি রাজনৈতিক দল। তারা সবাই নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল করার বিষয়ে একমত হলেও ব্যবস্থার কাঠামো, মেয়াদ এবং প্রধান উপদেষ্টার নিয়োগ পদ্ধতি নিয়ে মতানৈক্য রয়ে যায়। সেই মতানৈক্য নিরসনের লক্ষ্যে দ্বিতীয় দফার এই আলোচনা শুরু হয়েছে।

\r\n

আলোচনা চলমান রয়েছে, এবং আশাবাদ ব্যক্ত করা হয়েছে যে খুব শিগগিরই একটি গ্রহণযোগ্য ‘জুলাই চার্টার’ গৃহীত হবে।