সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, শুধুমাত্র দক্ষ প্রকৌশলী তৈরি করলেই চলবে না, বরং নৈতিক শিক্ষা ও শৃঙ্খলাবোধসম্পন্ন ভালো মানুষ গড়ে তুলতেই দেশ প্রকৃতভাবে উপকৃত হবে।
শনিবার (১৯ জুলাই) মিরপুর সেনানিবাসে মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি)-তে আয়োজিত ‘মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অ্যাপ্লাইড সায়েন্স’ বিষয়ক তৃতীয় আন্তর্জাতিক সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, “আমরা অনেক ভালো প্রকৌশলী, শিক্ষাবিদ, চিকিৎসক ও সামরিক কর্মকর্তা তৈরি করছি। তবে যদি তারা ভালো মানুষ না হন, নৈতিক মূল্যবোধ ও শৃঙ্খলাবোধ না থাকে—তাহলে দেশ তাদের কাছ থেকে প্রকৃত অবদান পাবে না।\"
তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “আপনারা সৎ থাকুন, শৃঙ্খলা শিখুন, উদ্ভাবনী চিন্তায় সমৃদ্ধ হোন। তাহলেই আপনারা হবেন এই দেশের গর্বিত নাগরিক এবং অসাধারণ প্রকৌশলী।”
সামরিক প্রধান বলেন, আন্তর্জাতিক এই সম্মেলন গবেষণা, প্রযুক্তি উন্নয়ন এবং বাস্তব সমস্যার নতুন সমাধান খুঁজে পেতে একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করেছে। বৈচিত্র্যময় চিন্তা ও একাডেমিক আলোচনা বিনিময়ের সুযোগ তৈরি করেছে এই ফোরাম।
তিনি অংশগ্রহণকারী গবেষক, প্রতিনিধি ও শিক্ষার্থীদের আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে বলেন, “আপনাদের আন্তরিকতা ও আগ্রহ অত্যন্ত প্রশংসনীয়। আমরা ভবিষ্যতেও আপনাদের এমআইএসটিতে স্বাগত জানাতে আগ্রহী।”
সমাপনী বক্তব্যে সেনাপ্রধান শিক্ষার্থী ও উদীয়মান গবেষকদের উদ্ভাবনী চিন্তা ও কৌতূহল ধরে রাখার আহ্বান জানান। তিনি বলেন, “এই সম্মেলন আপনাদের একাডেমিক ও পেশাগত জীবনে একটি নতুন অধ্যায় তৈরি করবে। এখান থেকে অর্জিত অভিজ্ঞতা কাজে লাগিয়ে সামনে এগিয়ে যান।”






