পটুয়াখালীর গলাচিপা উপজেলার চরবিশ্বাস ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি মো. ফোরকান আহম্মেদ জিসান বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলে যোগ দিয়েছেন।
বৃহস্পতিবার (২ অক্টোবর) এক ভিডিও বার্তায় তিনি নিজের যোগদানের বিষয়টি নিশ্চিত করেন।
ফোরকান আহম্মেদ জিসান জানান, প্রায় এক বছর আগে তাকে চরবিশ্বাস ইউনিয়ন শিবিরের সভাপতি করা হয়েছিল। তবে সংগঠনটির রাজনীতি ও আদর্শ তার ভালো লাগেনি। তাই তিনি পদত্যাগ করে বিএনপি ও ছাত্রদলের আদর্শে অনুপ্রাণিত হয়ে নতুনভাবে রাজনীতি শুরু করার সিদ্ধান্ত নেন।
তিনি বলেন, “আমার সবসময় বিএনপি ভালো লাগতো। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের নেতৃত্ব আমাকে অনুপ্রাণিত করেছে। তাই ছাত্রশিবিরের রাজনীতি ছেড়ে ছাত্রদলে যোগ দিয়েছি। ইনশাআল্লাহ আমৃত্যু এই দলের সঙ্গেই থাকব।”
গলাচিপা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. দুর্জয় রুবেল বলেন, ফোরকান আহম্মেদ জিসান একজন সৎ ও উদ্যমী তরুণ। বিএনপির রাজনীতির প্রতি অনুরাগ থাকায় তিনি ছাত্রদলে যোগ দিয়েছেন। আমরা তাকে স্বাগত জানাই। এ বিষয়ে পটুয়াখালী-৩ আসনের বিএনপির এমপি পদপ্রার্থী এবং দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য হাসান মামুনের সঙ্গেও আলোচনা হয়েছে।
এদিকে বিষয়টি নিয়ে জানতে গলাচিপা উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মো. খায়রুল ইসলামের সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলেও সাড়া পাওয়া যায়নি।





