উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় শিক্ষা মন্ত্রণালয়ের কোনো গাফিলতি হয়নি বলে দাবি করেছেন শিক্ষা উপদেষ্টা সি আর আবরার। তিনি জানিয়েছেন, নিজ থেকে পদত্যাগ করার কোনো ইচ্ছা তার নেই। তবে সরকার (প্রধান উপদেষ্টা) চাইলে তিনি পদ থেকে সরে যাবেন।

\r\n

বুধবার (২৩ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। এর আগে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের সঙ্গে এক বৈঠকে অংশ নেন তিনি।

\r\n

প্রসঙ্গত, রাষ্ট্রীয় শোক দিবসে (মঙ্গলবার) উত্তপ্ত শিক্ষার্থীরা সচিবালয়ের সামনে বিক্ষোভ করে এবং ভেতরে প্রবেশ করে। তারা শিক্ষা উপদেষ্টা ও সচিবের পদত্যাগ দাবি করে। ইতোমধ্যে শিক্ষা সচিবকে প্রত্যাহার করা হয়েছে।

\r\n

এ বিষয়ে শিক্ষা উপদেষ্টার পদে থাকার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন করা হলে সি আর আবরার বলেন, “সেটা সরকার বিবেচনা করবে। আমার ওপর যে দায়িত্ব অর্পণ করা হয়েছে, তা যথাযথভাবে পালনের চেষ্টা করেছি।”

\r\n

পদে থাকা উচিত কি না— এমন প্রশ্নে তিনি বলেন, “আমার মনে হয়, রায় আপনারাই দিয়ে দিচ্ছেন। এখানে আমার কিছু বলার নেই। আমি কোনো অব্যবস্থাপনা করিনি। সেটাই বোঝানোর চেষ্টা করছি।”

\r\n

তিনি আরও বলেন, “সচিবকে অব্যাহতি দেওয়া হয়েছে। এটা উচ্চ পর্যায়ের কমিটির সিদ্ধান্ত। এর সঙ্গে আমি জড়িত ছিলাম না। কেন তাকে সরানো হয়েছে, সে বিষয়ে আমার কিছু বলার নেই। নিজ থেকে পদত্যাগের কোনো অভিপ্রায়ও আমার নেই, কারণ আমি মনে করি না, আমার কাজে কোনো ত্রুটি ছিল।”

\r\n

তবে উপদেষ্টা হিসেবে তার পদে থাকা নিয়ে বিতর্কের প্রসঙ্গে সি আর আবরার বলেন, “আমাকে নিয়ে আলোচনা হচ্ছে, এটা ঠিক। তবুও যদি মনে করা হয়, আমার কাজে ব্যত্যয় হয়েছে, আমাকে সরে যেতে বলা হলে আমি অবশ্যই চলে যাব। এখানে আঁকড়ে থাকার কিছু নেই, নিজেকে জাস্টিফাই করারও কিছু নেই।”

\r\n
সূত্র: দৈনিক ইত্তেফাক / gnews