জুলাই গণহত্যা মামলায় সাবেক তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক-এর নির্দেশেই ইন্টারনেট বন্ধ করা হয়েছিল বলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জবানবন্দি দিয়েছেন বিটিআরসির এক কর্মকর্তা।

মামলায় চতুর্থ সাক্ষী হিসেবে জবানবন্দি দেওয়া ওই উপ-পরিচালকের পরিচয় আদালতের নির্দেশে গোপন রাখা হয়েছে। তিনি বর্তমানে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)-এর স্পেকট্রাম বিভাগে কর্মরত।

জবানবন্দিতে তিনি বলেন, ২০২৪ সালের ১৮ জুলাই সন্ধ্যায় তৎকালীন বিটিআরসির মহাপরিচালক তাকে ফোনে জানান যে তৎকালীন প্রতিমন্ত্রী পলক আন্তর্জাতিক টেরিস্ট্রিয়াল ক্যাবল অপারেটরদের আপস্ট্রিম (ইন্টারনেট ব্যান্ডউইথ) বন্ধ করার নির্দেশ দিয়েছেন।

এরপর নির্দেশনা বাস্তবায়নের জন্য তিনি “১৮ জুলাই আইসিটি অপারেশন” নামে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলেন, যেখানে বিভিন্ন ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট কর্মকর্তারা যুক্ত ছিলেন। পরে গ্রুপ কলের মাধ্যমে অপারেটরদের নির্দেশনা জানানো হয় বলে তিনি উল্লেখ করেন।

সাক্ষীর ভাষ্য অনুযায়ী, ১৮ জুলাই রাত আনুমানিক ৯টার দিকে অপারেটরদের মাধ্যমে ইন্টারনেট বন্ধ হয়ে যায় এবং তা ২৩ জুলাই বিকেল পর্যন্ত সম্পূর্ণভাবে বন্ধ থাকে।

তিনি আরও বলেন, ২৩ জুলাই একটি সভায় পলক ফেসবুক, ইউটিউব ও টিকটক বন্ধ রেখে ব্যাংক, সংসদ ভবন ও ক্যান্টনমেন্টসহ কিছু গুরুত্বপূর্ণ স্থানে সীমিত ইন্টারনেট চালুর নির্দেশনা দেন। পরে ৩১ জুলাই পুনরায় ইন্টারনেট চালুর নির্দেশ আসে।

এ ঘটনায় ট্রাইব্যুনালে বিচার কার্যক্রম চলছে।