রাজধানীর মহাখালীর কড়াইল বস্তিতে লাগা ভয়াবহ আগুন প্রায় ১৬ ঘণ্টা পর নিয়ন্ত্রণে আসে। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে বলে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের কর্মকর্তা এমও রাশেদ বিন খালিদ।
মঙ্গলবার সন্ধ্যা ৫টা ২২ মিনিটে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট একে একে ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। রাত ১০টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানায় ফায়ার সার্ভিসের মিডিয়া সেল। তবে ছড়িয়ে থাকা আগুন নিভাতে আরও কয়েক ঘণ্টা সময় লাগে।
ফায়ার সার্ভিস জানায়, এখন পর্যন্ত কোনো হতাহতের খবর মেলেনি। পানি সংকটের কারণে আগুন নিয়ন্ত্রণে বিলম্ব হয়। পরে রাত সাড়ে ৭টার দিকে পাশের বৌবাজার এলাকার নালায় সেচপাম্প বসিয়ে পানি সরবরাহ নিশ্চিত করা হয়।
এ ঘটনায় কতটি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে বা আগুনের উৎস কী—তা এখনো নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিস।





