প্রথমবারের মতো কোনো পরীক্ষা ছাড়াই প্রবাসীদের জন্য পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ করতে যাচ্ছে নির্বাচন কমিশন। এটি একটি বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।


সোমবার (১০ নভেম্বর) প্রবাসী ভোটারদের সঙ্গে ভার্চুয়াল সভায় তিনি এই তথ্য জানান।


তিনি বলেন, ১৮ নভেম্বর থেকে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য একটি অ্যাপ চালু হবে। এই অ্যাপ থেকে অনলাইনে ফর্ম ডাউনলোড করে পূরণ করতে হবে। নির্বাচনের তিন সপ্তাহ আগে প্রার্থীদের তালিকা চূড়ান্ত হবে। তারপর ভোট প্রদান করে নিকটস্থ পোস্ট বক্সে ড্রপ করতে হবে।


কমিশনার আরও বলেন, প্রবাসী ভোটারদের ভোট অন্তত নির্বাচনের ১৭–২০ দিন আগে পাঠিয়ে দিতে হবে, নাহলে ভোট নির্বাচনের সময় পৌঁছাতে নাও পারে। ভোটার তালিকায় অন্তর্ভুক্ত না হলে এই নির্বাচনে ভোট দেওয়া সম্ভব নয়।


সভায় সভাপতিত্ব করেন আবুল ফজল মো. সানাউল্লাহ। উপস্থিত ছিলেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ, জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীরসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।