আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে প্রথমবারের মতো বিদেশে থাকা প্রবাসী বাংলাদেশিরা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন। নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটে প্রকাশিত আপডেট তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ১০টা পর্যন্ত ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ ব্যবহার করে মোট ৫১ হাজার ৫৩৩ জন প্রবাসী ভোটার নিবন্ধন সম্পন্ন করেছেন।


নিবন্ধিতদের মধ্যে ৪৩ হাজার ৬৪৬ জন পুরুষ এবং ৭ হাজার ৮৮৭ জন নারী।

দেশভিত্তিক হিসেবে যুক্তরাষ্ট্রে ১০ হাজার ৩৩৫ জন, দক্ষিণ কোরিয়ায় ৮ হাজার ৮৮৯ জন, জাপানে ৬ হাজার ১৫৮ জন, কানাডায় ৫ হাজার ৮৬৫ জন, অস্ট্রেলিয়ায় ৪ হাজার ৭৫৫ জন, দক্ষিণ আফ্রিকায় ৪ হাজার ১৮৩ জন এবং চীনে ১ হাজার ৬৫১ জন ভোটার নিবন্ধন করেছেন।


ইসি জানিয়েছে, অ্যাপের মাধ্যমে নিবন্ধন এখন বিশ্বের সব দেশের প্রবাসীদের জন্য উন্মুক্ত।

বুধবার রাতে কমিশন এক বিজ্ঞপ্তিতে জানায়, বাংলাদেশ সময় ২৭ নভেম্বর রাত ১২টা ০১ মিনিট থেকে ১৮ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে প্রবাসীদের নিবন্ধন করা যাবে।