মোঃ মিজানুর রহমান,জয়পুরহাট প্রতিনিধি: পবিত্র রমজান মাসে এতিম শিক্ষার্থীদের মুখে হাসি ফোটাতে জয়পুরহাটের কালাই উপজেলায় ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে প্রশাসন। উপজেলার ২৮টি এতিমখানা ও লিল্লাহ বোর্ডিংয়ের শিক্ষার্থীদের জন্য ১৩ কার্টন সৌদি খেজুর বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৭ মার্চ) বিকেলে উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা প্রশাসন ও প্রকল্প বাস্তবায়ন অফিসের যৌথ আয়োজনে এ খেজুর বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আরার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিমাই চন্দ্রসহ বিভিন্ন এতিমখানা ও লিল্লাহ বোর্ডিংয়ের শিক্ষক, পরিচালক এবং স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

খেজুর হাতে পেয়ে আনন্দ প্রকাশ করেন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও কর্তৃপক্ষ। কালাই পৌরশহরের আঁওড়া দারুল উলুম ইসলামিয়া হাফেজিয়া মাদরাসা ও এতিমখানার পরিচালক আলহাজ আলমগীর হোসেন বলেন, “প্রথমবারের মতো এভাবে স্বচ্ছতার সঙ্গে সৌদি খেজুর পেয়েছি। আমরা তা শিক্ষার্থীদের মাঝে সঠিকভাবে বিতরণ করব।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আরা বলেন, “এ উপজেলায় মোট ১৩ কার্টন সৌদি খেজুর বরাদ্দ পাওয়া গেছে। স্বচ্ছতা নিশ্চিত করে ২৮টি এতিমখানা ও লিল্লাহ বোর্ডিংয়ের শিক্ষকদের হাতে তা তুলে দেওয়া হয়েছে।”

তিনি আরও জানান, খেজুর বিতরণে কোনো ধরনের অনিয়ম বা অভিযোগ পাওয়া গেলে তা তদন্ত করে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

রমজানের এ মানবিক উদ্যোগে খুশি উপকারভোগীরা—প্রশাসনের এমন কার্যক্রম অব্যাহত থাকবে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের।