অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস পদত্যাগ করছেন না বলে স্পষ্ট জানিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ। তিনি বলেন, “প্রধান উপদেষ্টা যাচ্ছেন না, তিনি কোথাও চলে যাচ্ছেন না। তিনি অবশ্যই দায়িত্বে থাকছেন। আমাদের উপর অর্পিত দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা ছেড়ে দেওয়া সম্ভব নয়।”

\r\n

শনিবার (২৪ মে) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষে উপদেষ্টা পরিষদের এক অনির্ধারিত রুদ্ধদ্বার বৈঠকে এসব আলোচনা হয়। বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন ওয়াহিদউদ্দিন মাহমুদ।

\r\n

এর আগে দুপুর ১২টা ২০ মিনিটে রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সভাপতিত্বে বৈঠক শুরু হয়। সভায় অন্তর্বর্তী সরকারের ১৯ জন উপদেষ্টা উপস্থিত ছিলেন।

\r\n

দীর্ঘদিনের প্রথা অনুযায়ী, একনেক সভা শেষে সাধারণত পরিকল্পনামন্ত্রী বা সংশ্লিষ্ট উপদেষ্টারা সাংবাদিকদের ব্রিফ করে থাকেন। তবে এদিন সেই নিয়ম ভেঙে ব্রিফিং বাতিল করা হয়।

\r\n

পরিকল্পনা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. জসিম উদ্দিন জানান, “আজ কোনো ব্রিফ হবে না। একনেক সভা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই উপদেষ্টা পরিষদের একটি রুদ্ধদ্বার বৈঠক শুরু হয়েছে, যেখানে কেবল উপদেষ্টা সদস্যরাই অংশ নিয়েছেন।” তিনি আরও জানান, একনেক সভার সারসংক্ষেপ পরে ইমেইলের মাধ্যমে গণমাধ্যমে পাঠানো হবে।

\r\n

সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতা, বিশেষ করে বিএনপি ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মধ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে এই রুদ্ধদ্বার বৈঠককে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা।