নির্বাচনের নির্ধারিত সময়সূচি অনুযায়ীই ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে এবং একটি দিনও পিছিয়ে যাবে না বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম।


শনিবার (১৯ জুলাই) দুপুরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত আন্তর্জাতিক সম্মেলন “টেডএক্স কুমিল্লা ইউনিভার্সিটি”-তে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। কুমিল্লার কোটবাড়ীতে অবস্থিত বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমির (বার্ড) ময়নামতি অডিটরিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে বক্তব্য দেন তিনি।


শফিকুল আলম বলেন, “নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা নেই। অধ্যাপক মুহাম্মদ ইউনূস যে সময়সীমার মধ্যে নির্বাচনের কথা বলেছেন, ঠিক সে সময়ের মধ্যেই নির্বাচন হবে। একদিনও পিছবে না। অত্যন্ত সুন্দর পরিবেশে একটি শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচন হবে বাংলাদেশের ইতিহাসে অন্যতম সেরা।”


তিনি আরও জানান, “প্রধান উপদেষ্টা নির্বাচন ঘিরে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতের বার্তা দিয়েছেন। সবার জন্য সমান সুযোগ থাকবে। যাতে কেউ অভিযোগ করতে না পারেন যে তার প্রতি অন্যায় করা হয়েছে।”


জাতীয় ঐকমত্য ও পিআর পদ্ধতি প্রসঙ্গে তিনি বলেন, “এই বিষয়ে জাতীয় ঐকমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করছে। অন্যান্য দেশে এসব প্রক্রিয়া শেষ হতে তিন-চার বছর সময় লাগে, কিন্তু আমাদের দেশে দলগুলোর বিচক্ষণতায় অনেক বিষয়ে ইতোমধ্যে ঐকমত্যে পৌঁছা গেছে। আটটি বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে, সাতটি বিষয়ে আলোচনা চলমান এবং তিনটি বিষয়ে এখনো আলোচনা হয়নি।”


আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, “সরকার নিয়মিত আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে। প্রতিটি ঘটনার পরপরই অপরাধীদের আইনের আওতায় আনা হচ্ছে। বিশেষ করে ধর্ষণের মতো স্পর্শকাতর বিষয়ে আমরা দ্রুত বিচার নিশ্চিত করছি।”


গোপালগঞ্জকে আলাদা করার বিষয়ে কোনো পরিকল্পনা আছে কিনা জানতে চাইলে প্রেস সচিব বলেন, “এমন কোনো সিদ্ধান্ত সরকারের নেই। গোপালগঞ্জের মানুষও বাংলাদেশেরই নাগরিক। সবাইকে সমান দৃষ্টিতে দেখে সরকার।”


৫ আগস্ট জুলাই সনদ ঘোষণা প্রসঙ্গে তিনি বলেন, “এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না জুলাই সনদ ৫ আগস্ট ঘোষণা হবে কিনা। তবে রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনা প্রতিনিয়ত চলছে। আশা করছি, সব দলের মতের ভিত্তিতেই সিদ্ধান্ত আসবে।”


আন্তর্জাতিক মানের এই আয়োজনে সমাজ, বিজ্ঞান, প্রযুক্তি, সাংবাদিকতা, সংগীত ও উদ্যোক্তাসহ বিভিন্ন খাতের ১১ জন বক্তা তাঁদের জীবন অভিজ্ঞতা ও ভাবনা তুলে ধরেন। এবারের প্রতিপাদ্য ছিল ‘দ্য নেক্সট ওয়েভ’, যার অর্থ ভবিষ্যতের সম্ভাবনার তরঙ্গ নিয়ে ভাবনা। বক্তাদের মধ্যে ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. হায়দার আলী, সংবাদ উপস্থাপক ফারাবী হাফিজ, অ্যাস্ট্রোফটোগ্রাফার জুবায়ের কাওলিন প্রমুখ।


আয়োজকেরা জানান, টেডএক্স একটি আন্তর্জাতিক প্ল্যাটফর্ম, যার মূলমন্ত্র ‘আইডিয়াস চেঞ্জ এভরিথিং’। এটি আমেরিকাভিত্তিক অলাভজনক সংস্থা টেড-এর অনুমোদিত একটি উদ্যোগ। এখানে বিশ্বের বিভিন্ন প্রান্তের উদ্ভাবনী চিন্তাধারার মানুষজন তাঁদের অভিজ্ঞতা মাত্র ১৮ মিনিটের উপস্থাপনায় তুলে ধরেন।


উল্লেখ্য, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ২০২৩ সালের ৩০ সেপ্টেম্বর প্রথমবার টেডএক্সের আয়োজন করা হয়েছিল। এর আগে ওই বছর ১৭ এপ্রিল বিশ্ববিদ্যালয়টি ইভেন্ট আয়োজনের অনুমোদন পায়।