ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন দেশ থেকে ভোট দেওয়ার জন্য ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে প্রবাসীদের নিবন্ধন সংখ্যা ৪ লাখ ৩৫ হাজার ২৬৪ জন ছাড়িয়েছে। এর মধ্যে ৪ লাখ ৮ হাজার ৪৫ জন পুরুষ এবং ২৭ হাজার ২১৭ জন নারী।

ইলেকশন কমিশনের ওয়েবসাইট থেকে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুর ১২:১০ পর্যন্ত এই তথ্য পাওয়া গেছে। এবারের নির্বাচনেই প্রথমবারের মতো আইটি সমর্থিত পোস্টাল ব্যালট ব্যবস্থার মাধ্যমে ভোটগ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে। এই ব্যবস্থায় প্রবাসী, আইনি হেফাজতে থাকা ব্যক্তি ও ভোটের দায়িত্বে নিয়োজিতরা ভোট দিতে পারবেন। ভোট দিতে হলে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন করতে হবে। নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে ১৯ নভেম্বর থেকে এবং চলবে ২৩ ডিসেম্বর পর্যন্ত।

এবারের প্রবাসী ভোটার নিবন্ধন প্রক্রিয়া চালু থাকা দেশের মধ্যে রয়েছে দক্ষিণ কোরিয়া, জাপান, দক্ষিণ আফ্রিকা, চীন, মিসর, মোজাম্বিক, লিবিয়া, মরিশাস, হংকং, ব্রাজিল, উগান্ডা, ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো, ইথিওপিয়া, নাইজেরিয়া, লাইবেরিয়া, বতসোয়ানা, কেনিয়া, রুয়ান্ডা, আলজেরিয়া, অ্যাঙ্গোলা, তানজানিয়া, সোমালিয়া, ঘানা, গিনি, মরক্কো, দক্ষিণ সুদান, চিলি, সিয়েরা লিওন, ইকুয়েডর, তাইওয়ান, আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, গাম্বিয়া, পেরু, জিম্বাবুয়ে, যুক্তরাষ্ট্র, সৌদি আরব ইত্যাদি।

ইসি জানিয়েছে, নির্ধারিত সময়ে নিবন্ধনকারীদের ঠিকানায় ব্যালট পেপার পাঠানো হবে। ভোটাররা ভোট প্রদান করে তা ফিরতি খামে পূর্ণ করে রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠাবেন।

এ দিকে, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ইসি ভোটগ্রহণের প্রস্তুতি শুরু করেছে। সংস্থাটি প্রবাসী ভোটার সংখ্যা ৫০ লাখ ছাড়ানোর লক্ষ্য নিয়ে কাজ করছে।