প্রবাসী বাংলাদেশিদের জন্য বিশেষভাবে তৈরি আউট অফ কান্ট্রি ভোটিং মোবাইল অ্যাপ ‘পোস্টাল ভোট বিডি’ আজ মঙ্গলবার সন্ধ্যায় উদ্বোধন করা হবে।

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ সোমবার জানান, এই অ্যাপের মাধ্যমে প্রবাসীরা তাদের ভোট দেওয়ার জন্য নিবন্ধন করতে পারবেন।


তিনি আরও বলেন, “প্রবাসী ভোটারদের সুবিধার্থে আমরা গ্লোবাল সময় অনুযায়ী সমন্বয় রেখে অ্যাপটি উদ্বোধন করছি। আমাদের প্রবাসী বাংলাদেশীর সংখ্যা প্রায় ১ কোটি ৪০ লাখ, যা দেশের মোট জনসংখ্যার ৭ থেকে ৮ ভাগ। অন্যান্য দেশের তুলনায় আমাদের প্রবাসী ভোটের সংখ্যা অনেক বেশি হবে বলে আমরা আশা করি।”


ইসি প্রবাসী বাংলাদেশীদের নিবন্ধন বাড়ানোর জন্য রাজনৈতিক দলগুলোকে উৎসাহিত করার কথাও জানান।

ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) ও তথ্য কর্মকর্তা মো. রুহুল আমিন মল্লিক জানান, প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন আজ সন্ধ্যা ৬টায় রাজধানীর নির্বাচন ভবনের অডিটোরিয়ামে অ্যাপটি উদ্বোধন করবেন।