গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষে নিহতদের মরদেহ প্রয়োজনে কবর থেকে উত্তোলন করে ময়নাতদন্ত করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর নিরাপত্তাবিষয়ক উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
শনিবার (১৯ জুলাই) দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি বলেন, “নিহতদের মরদেহ তাদের স্বজনরা নিজ উদ্যোগে নিয়ে যাওয়ায় ময়নাতদন্ত করা সম্ভব হয়নি। তবে প্রয়োজনে মরদেহ কবর থেকে উত্তোলন করে ময়নাতদন্ত করা হবে।”
এ সময় তিনি আরও বলেন, “ঘটনার পর আইনশৃঙ্খলা বাহিনীর কোনো ব্যর্থতা ছিল কি না, তা তদন্তে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। প্রশাসনের কোনো গাফিলতি থাকলে সেটিও খতিয়ে দেখা হবে।”
বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রসঙ্গে লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম জানান, “ইমিগ্রেশনে জনবল চাহিদা কী, তা খোঁজ নিয়েছি। তবে কবে থার্ড টার্মিনাল চালু হবে— সে বিষয়ে আমার কাছে নির্দিষ্ট কোনো তথ্য নেই।”
প্রসঙ্গত, সম্প্রতি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় এনসিপির কর্মসূচিকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে সংঘর্ষে বেশ কয়েকজন নিহত হন। ওই ঘটনার পর বিষয়টি নিয়ে চলছে তদন্ত ও সমালোচনা।






