দেশের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বেতন বিশ্ববিদ্যালয় শিক্ষকদের মতোই হওয়া উচিত বলে মত দিয়েছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ।
তিনি বলেন, “আমি মনে করি, প্রাথমিক শিক্ষকদের বেতন বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সমান হওয়া উচিত, যাতে মেধাবীরা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকতায় আকৃষ্ট হন। মেধাবীদের শিক্ষকতায় না আনতে পারলে শিক্ষাব্যবস্থা এগিয়ে নেওয়া সম্ভব নয়, শিক্ষার্থীরাও যুগোপযোগী শিক্ষা পাবে না।”
রোববার (৫ অক্টোবর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার।
অধ্যাপক ফায়েজ বলেন, “আজকের দিনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো শিক্ষকদের সুযোগ-সুবিধা ও তাদের যথাযথ মর্যাদা নিশ্চিত করা। আমরা কী বেতন-ভাতা দিচ্ছি এবং বৈশ্বিক প্রেক্ষাপটে তা কতটা যুক্তিযুক্ত—এটা গুরুত্বের সঙ্গে বিবেচনা করা দরকার।”
তিনি আরও বলেন, “সার্কভুক্ত দেশগুলোর তুলনায় আমাদের শিক্ষকরা কোথায় অবস্থান করছেন, সেটিও ভাবতে হবে। পাকিস্তানের উদাহরণ দিই—তারা অনেক দিক দিয়ে আমাদের চেয়ে পিছিয়ে, কিন্তু সেখানে শিক্ষকরা অন্য পেশাজীবীদের তুলনায় দুই-তিনগুণ বেশি বেতন পান এবং গবেষণার সুযোগও বেশি।”
ইউজিসি চেয়ারম্যানের মতে, “অনেক দেশেই প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত শিক্ষকদের বেতন কাঠামো প্রায় সমান। আমাদেরও সেই পথ অনুসরণ করা উচিত, যাতে যোগ্য ও মেধাবীরা প্রাথমিক স্তর থেকেই শিক্ষকতায় আগ্রহী হন। মেধাবী শিক্ষক ছাড়া কোনো স্তরের শিক্ষার্থীকেই আমরা মানসম্মত শিক্ষা দিতে পারব না।”





