আন্তর্জাতিক উচ্চশিক্ষা ও চিকিৎসা বিজ্ঞানের অভিজ্ঞতাকে কেন্দ্র করে একটি ব্যতিক্রমধর্মী বই প্রকাশিত হতে যাচ্ছে আসন্ন অমর একুশে বইমেলায়। চিকিৎসক ও লেখক ডা. কামরুজ্জামান নাবিলের লেখা “ইরান থেকে ডাক্তার হওয়ার গল্প” বইটি প্রকাশ করছে বাংলামেড প্রকাশনী।


বইটিতে ইরানে মেডিকেল শিক্ষার পথচলা, দেশটির স্বাস্থ্য ও শিক্ষা ব্যবস্থা, হাসপাতালভিত্তিক প্রশিক্ষণ এবং একজন বাংলাদেশি শিক্ষার্থীর বাস্তব অভিজ্ঞতা সহজ ও সাবলীল ভাষায় তুলে ধরা হয়েছে। লেখক নিজের ব্যক্তিগত সংগ্রাম, সাফল্য, সাংস্কৃতিক পার্থক্য এবং চিকিৎসা ব্যবস্থার বাস্তব চিত্র গল্পের আঙ্গিকে উপস্থাপন করেছেন।


বিশেষভাবে বইটিতে ইরানের সরকারি মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ, ভর্তি প্রক্রিয়া, ভাষাগত চ্যালেঞ্জ, ক্লিনিক্যাল ট্রেনিং এবং রোগী ব্যবস্থাপনার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়েছে। পাশাপাশি ইরানের স্বাস্থ্য ব্যবস্থার শক্তিশালী দিক ও বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে তুলনামূলক বিশ্লেষণও রয়েছে, যা শিক্ষার্থী ও চিকিৎসকদের জন্য সহায়ক তথ্যসূত্র হতে পারে।


ডক্টর টিভির স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠানের সঞ্চালক লেখক কামরুজ্জামান নাবিল মনে করেন, বিদেশে, বিশেষ করে মধ্যপ্রাচ্যের একটি উন্নত চিকিৎসা ব্যবস্থার ভেতর দিয়ে ডাক্তার হয়ে ওঠার অভিজ্ঞতার গল্প অনেকের জন্য অনুপ্রেরণা হতে পারে। তার মতে, বইটি আত্মজীবনীমূলক হওয়ার পাশাপাশি বিদেশে মেডিকেল পড়তে আগ্রহীদের জন্য একটি বাস্তবধর্মী নির্দেশিকাও হিসেবে কাজ করবে।


আসন্ন অমর একুশে বইমেলায় বাংলামেড প্রকাশনীর ৫৪৫ নম্বর স্টলে বইটি পাওয়া যাবে। চিকিৎসা শিক্ষার্থী, তরুণ প্রজন্ম এবং স্বাস্থ্য ব্যবস্থায় আগ্রহী পাঠকদের জন্য বইটি এবারের বইমেলার একটি উল্লেখযোগ্য সংযোজন হতে পারে।