কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য ও ইসলামী বক্তা মুফতি আমির হামজাকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। জেলা প্রশাসক (ডিসি) বদলি সংক্রান্ত তার দেওয়া বক্তব্যকে কেন্দ্র করে এ নোটিশ পাঠানো হয়।
সোমবার (১৩ এপ্রিল) কুষ্টিয়া জজ কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মো. আব্দুল মজিদের মাধ্যমে নোটিশটি পাঠান সদর উপজেলার জগন্নাথপুর এলাকার বাসিন্দা মো. রবিউল ইসলাম।
নোটিশে সাত দিনের মধ্যে বক্তব্যের পক্ষে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম প্রকাশ অথবা প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে। অন্যথায় পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণের কথা বলা হয়েছে।
লিগ্যাল নোটিশে উল্লেখ করা হয়, গত ২৭ মার্চ কুষ্টিয়ার হরিপুর জামে মসজিদে জুমার আগে বক্তব্য দিতে গিয়ে এমপি আমির হামজা দাবি করেন, কুষ্টিয়ার বর্তমান জেলা প্রশাসক বদলি হয়ে এ জেলায় আসতে ২০ থেকে ৩০ কোটি টাকা ব্যয় করেছেন। তার এই বক্তব্য বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং তা জনমনে বিভ্রান্তি সৃষ্টি ও সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে বলে অভিযোগ করা হয়।
নোটিশে আরও বলা হয়, ঘুষ ও দুর্নীতির মতো গুরুতর অভিযোগ তুললেও সংশ্লিষ্টদের নাম প্রকাশ না করায় বিষয়টি আইনের দৃষ্টিতে প্রশ্নবিদ্ধ।
এ বিষয়ে জেলা বিএনপির সদস্যসচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার বলেন, অভিযোগটি জনসমক্ষে স্পষ্ট করা প্রয়োজন এবং সংশ্লিষ্টদের নাম প্রকাশ করা উচিত।
তবে এ বিষয়ে বক্তব্য জানতে সংসদ সদস্য মুফতি আমির হামজার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি।
এর আগে গত ২ এপ্রিল কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতাল বন্ধ রাখতে ঘুষের প্রস্তাব সংক্রান্ত বক্তব্যের জেরেও তার কাছে সংশ্লিষ্টদের নাম প্রকাশের দাবিতে আরেকটি আইনি নোটিশ পাঠানো হয়েছিল।





