আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। তিনি বলেছেন, ভারত ও পাকিস্তানের ক্ষেত্রে নিরাপত্তা উদ্বেগ বিবেচনায় নিলেও বাংলাদেশের বেলায় আইসিসি ভিন্ন অবস্থান নিচ্ছে।
শনিবার ফেসবুকে দেওয়া এক পোস্টে ফারুকী উল্লেখ করেন, ভারতে বাংলাদেশি সন্দেহে পিটিয়ে হত্যার একাধিক ঘটনার খবর প্রকাশিত হয়েছে। তিনি দ্য টেলিগ্রাফ অব ইন্ডিয়ার প্রতিবেদন উদ্ধৃত করে বলেন, সম্প্রতি পশ্চিমবঙ্গে জন্ম নেওয়া এক মুসলিম ব্যক্তি মঞ্জুর লস্করকে বাংলাদেশি সন্দেহে পিটিয়ে হত্যা করা হয়েছে।
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের ম্যাচ ভারতে আয়োজন নিয়ে নিরাপত্তা শঙ্কার কথা তুলে ধরে তিনি বলেন, খেলোয়াড় ও সমর্থকদের নিরাপত্তা বিবেচনায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরানোর অনুরোধ করেছিল। তবে আইসিসি নিরাপত্তা হুমকি নেই দাবি করে বাংলাদেশকে ভারতেই খেলতে বলেছে। এ বিষয়ে বাংলাদেশ সরকার ভারতে না খেলার সিদ্ধান্তে অনড় থাকার কথা জানিয়েছে।
ফারুকী আরও বলেন, মুম্বাইয়ে বাংলাদেশ-ভারত ম্যাচ আয়োজন নিয়ে শিবসেনা নেতা আদিত্য ঠাকরের সতর্কবাণী এবং দীর্ঘদিনের বাংলাদেশবিরোধী ঘৃণা প্রচারণা পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলেছে। তার ভাষ্য অনুযায়ী, এসব ঘটনার প্রেক্ষাপটে ভারতে বাংলাদেশি খেলোয়াড়দের জন্য নিরাপত্তা হুমকি বাস্তব ও গুরুতর।
আইসিসির প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, সংস্থাটি যদি সত্যিই সব সদস্য দেশের প্রতি ন্যায্য ও নিরপেক্ষ থাকতে চায়, তাহলে বাংলাদেশের উত্থাপিত নিরাপত্তা উদ্বেগ গুরুত্ব দিয়ে বিবেচনা করা উচিত এবং ম্যাচগুলো ভারত থেকে শ্রীলঙ্কায় স্থানান্তর করা প্রয়োজন।





