বাংলাদেশের আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠ দেখতে চায় অস্ট্রেলিয়া। সেই সঙ্গে প্রয়োজন হলে নির্বাচন কমিশনকে বিভিন্ন ক্ষেত্রে সহায়তা দেওয়ার আগ্রহও জানিয়েছে দেশটি।

\r\n

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলীয় হাইকমিশনার সুসান রাইলি। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এসব কথা বলেন।

\r\n

সুসান রাইলি বলেন, “প্রধান নির্বাচন কমিশনার আমাদের সময় দিয়েছেন, এজন্য আমরা কৃতজ্ঞ। আমরা আসন্ন জাতীয় নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে জেনেছি এবং অস্ট্রেলিয়া আশাবাদী—নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে। আমরা নির্বাচন কমিশনের সঙ্গে ফলপ্রসূ আলোচনা করেছি এবং নির্বাচনী প্রক্রিয়ায় নির্দিষ্ট সহায়তা দিতে প্রস্তুত আছি।”

\r\n

এর আগেও বিভিন্ন দেশের কূটনীতিকরা নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে অংশ নিয়ে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছেন। অনেক দেশই নির্বাচন কমিশনকে কারিগরি ও উপকরণ সহায়তা দেওয়ার আগ্রহ প্রকাশ করেছে।

\r\n

ইতোমধ্যে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) নির্বাচন কমিশনকে নির্বাচনী উপকরণ সরবরাহসহ বিভিন্ন সহযোগিতা প্রদান করছে।

\r\n

উল্লেখ্য, নির্বাচন কমিশন জানিয়েছে, আগামী ডিসেম্বর ২০২৫ থেকে ২০২৬ সালের জুন মাসের মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই লক্ষ্যে কমিশন প্রস্তুতি নিচ্ছে।