চট্টগ্রামের সীতাকুণ্ডে পারিবারিক বিরোধের জেরে আট বছরের শিশু ইরা মনিকে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে। পুলিশের দাবি, প্রতিবেশীর সঙ্গে বিরোধের প্রতিশোধ নিতে শিশুটিকে অপহরণ করে হত্যার পরিকল্পনা করা হয়।

পুলিশ জানায়, অভিযুক্ত বাবু শেখ (৪৫) শিশুটিকে চকলেট কিনে দেওয়ার কথা বলে ঘর থেকে বের করেন। পরে তাকে সীতাকুণ্ডের বোটানিক্যাল গার্ডেন এলাকার দুর্গম পাহাড়ি এলাকায় নিয়ে যাওয়া হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পেরেছে, সেখানে প্রথমে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করা হয়। শিশুটি চিৎকার করলে অভিযুক্ত ব্যক্তি ধারালো অস্ত্র দিয়ে তার গলা কেটে হত্যার চেষ্টা করেন এবং ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

স্থানীয় সূত্র জানায়, আহত শিশুটিকে পাহাড়ি এলাকায় কাজ করা শ্রমিকরা দেখতে পান। পরে তারা দ্রুত শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে ইরা মনির মৃত্যু হয়।

নিহত ইরা মনির বাড়ি ছোট কুমিরা মাস্টারপাড়ায়। তার বাবা মনিরুল ইসলাম পেশায় একজন টমটম চালক। ইরা স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল।

পুলিশ আরও জানায়, অভিযুক্ত বাবু শেখের বাড়ি গাইবান্ধায় হলেও তিনি কুমিরা এলাকায় থাকতেন এবং নিহত শিশুটির পরিবারের প্রতিবেশী ছিলেন। প্রাথমিক তদন্তে জানা গেছে, পারিবারিক বিরোধের জেরে তিনি এই হত্যাকাণ্ডের পরিকল্পনা করেন।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযুক্ত ব্যক্তির দেওয়া তথ্যের ভিত্তিতে ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে। ঘটনার পেছনে অন্য কোনো কারণ আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এছাড়া ফরেনসিক প্রতিবেদনের পর ধর্ষণের বিষয়টি নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা এ ধরনের নৃশংস ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন।